


মুম্বই, ১ ডিসেম্বর: মাসের শুরুতেই এল সুখবর। দাম কমল বাণিজ্যিক গ্যাসের। ১৯ কেজি সিলিন্ডার প্রতি দাম কমেছে ১০-১১ টাকা। জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত অয়েল রিফাইনারি সংস্থাগুলি। আজ, সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হবে। তবে বাণিজ্যিক গ্যাসের দাম বেশ কিছুটা কমানো হলেও ডোমেস্টিক গ্যাসের দামে কিন্তু কোনও পরিবর্তন হয়নি। গত মাসে অর্থাৎ নভেম্বরে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু প্রায় ৫ টাকা দাম কমানো হয়েছিল। সেপ্টেম্বরে কমানো হয়েছিল প্রায় ৫১ টাকা। যদিও অক্টোবরে বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা বাড়ানো হয়েছিল। তবে এবার ডিসেম্বরে তা কমানো হল আরও ১০-১১ টাকা। ফলে উৎসবের মরশুমের আগে নয়া এই সিদ্ধান্তের ফলে কিছুটা লাভবান হতে পারেন ছোট দোকানি এবং ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে স্থানীয় হোটেল-রেস্তরাঁ মালিকদের মুখেও।
দাম পরিবর্তনের ফলে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হল ১,৫৮০.৫০ টাকা। যা গত মাসে ছিল ১,৫৯০.৫০ টাকা। শহর কলকাতায় সিলিন্ডারের দাম ১,৬৮৪ টাকা। এটি গত মাসে ছিল ১,৬৯৪ টাকা। বাণিজ্য নগরী মুম্বইতে গত মাসে দাম ছিল ১,৫৪২ টাকা। তা কমে হল ১,৫৩১.৫০ টাকা। চেন্নাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম আগে ছিল ১,৭৫০ টাকা। বর্তমানে তা কমে হল ১,৭৩৯.৫০ টাকা।