


বিপাকে জড়ালেন অভিনেতা সোনু সুদ। সদ্য তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় বাইক চালাচ্ছেন সোনু। ঊর্ধ্বাঙ্গে কোনও পোশাক নেই, মাথায় নেই হেলমেট। এই ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্ক দানা বেঁধেছে। পথ নিরাপত্তার কথা মাথায় না রেখে, কীভাবে সোনু এমন ভিডিও শ্যুট করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই পদক্ষেপ নিয়েছে স্পিতি পুলিস। তারা জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, সম্ভবত ভিডিওটি ২০২৩ সালে শ্যুট করা হয়েছিল। বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কেইলং সদর দপ্তরের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিসকে। সূত্রের খবর, যদি সোনু ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন প্রমাণিত হয়, সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।