


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার অবসর নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। ওই পদে এবার হাইকোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি সৌমেন সেনকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হল। তবে সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত শুক্রবার বিচারপতি সেনকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি করে পাঠানোর জন্য সুপারিশ করেছিল। তার মধ্যেই বিচারপতি সেনকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ করেছে কেন্দ্র। আইন মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ, ‘ভারতীয় সংবিধানের ২২৩ ধারা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর বিচারপতি টিএস শিবজ্ঞানমের অবসরের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনকে ভারপ্রাপ্ত হিসেবে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করছেন রাষ্ট্রপতি।’ তবে কলেজিয়ামের সুপারিশ মেনে বিচারপতি সেনকে মেঘালয়ের প্রধান বিচারপতি করা হলে কলকাতা হাইকোর্টের পরবর্তী স্থায়ী প্রধান বিচারপতি কে হবেন, তা নিয়ে জল্পনা রয়েছে।