


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ-পূর্ব রেলে যাত্রীদের চাপ ক্রমেই বাড়ছে। সেই চাপ সামলাতে নতুন নতুন ট্রেন চালু করছে রেল। কিন্তু হাওড়া, শালিমার কিংবা সাঁতরাগাছিতে বাড়তি ট্রেন ধারণের ক্ষমতা প্রায় নেই। জায়গার অভাবে ভুগছে এই টার্মিনাল স্টেশনগুলি। বিকল্প হিসেবে সাঁকরাইলে নয়া টার্মিনাল তথা কোচ ডিপো তৈরির পরিকল্পনা করেছে দক্ষিণ-পূর্ব রেল। অবস্থানগত দিক দিয়ে রেল ও সড়কপথের সঙ্গে প্রস্তাবিত এই কোচ ডিপো দারুণভাবে সংযুক্ত। হাওড়া থেকে ১৫ কিলোমিটার ও সাঁতরাগাছি থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে তৈরি হবে নতুন এই কোচ ডিপো। ১৬ নম্বর জাতীয় সড়ক ছুঁতে অতিক্রম করতে হবে মাত্র আড়াই কিলোমিটার পথ। হাওড়া-খড়্গপুর সেকশনে রেল যাত্রীদের জন্য দক্ষিণ-পূর্ব রেলের অত্যাধুনিক এই টার্মিনাল বিশেষ সহায়ক হবে।