


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কল্যাণী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে ‘স্পিড লিমিটার’ বা ‘স্পিড গান’ বসানোর প্রস্তাব দিল পুলিস। প্রতি ঘণ্টায় ৬৫ কিলোমিটারের বেশি গতিবেগে যাতে গাড়ি না চলে, সেই জন্যই স্পিড লিমিটার বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনকে। বর্তমানে এই রাস্তা দিয়ে ১০০ কিলোমিটারের বেশি বেগে গাড়ি চলছে। তার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। মূলত বাইক নিয়ে দুর্ঘটনাই বেশি। দুর্ঘটনা থেকে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনাও ঘটেছে সম্প্রসারিত এই রাস্তায়। দেখা গিয়েছে, কাট আউটগুলিতে বাইক বা গাড়ি টার্ন করতে গিয়েই বেশি দুর্ঘটনা ঘটছে। সেখানে সাইনেজগুলি এত ছোট আকারে বসানো হয়েছে যে, দূর থেকে বোঝা যায় না। তাই কাট আউটগুলিতে বড় করে সাইনেজ বসানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।
বুধবার বারাকপুর পুলিস কমিশনারেটে সাংবাদিক বৈঠকে পুলিস কমিশনার অজয় ঠাকুর জানান, কল্যাণী এক্সপ্রেসওয়ে সুন্দর করে তৈরি হয়েছে। গাড়ির গতিও বেড়েছে। সম্প্রতি বাসুদেবপুরে একটি দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখলাম, কাট আউট থেকে ঘোরার সময় এই দুর্ঘটনা। সমীক্ষায় দেখা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে কাট আউটগুলিতেই দুর্ঘটনা হচ্ছে। হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে বৈঠক হয়েছে। আমরা এই বিষয়টি উল্লেখ করেছি। দূর থেকে সহজে দেখা যায়, এমন সাইনেজ বসাতে বলা হয়েছে। সেই সঙ্গে গাড়ির গতি কমানোর জন্য স্পিড লিমিটার বা স্পিড গান বসানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। ইএম বাইপাস সহ বিভিন্ন রাস্তায় যেমন স্পিড গান বসানো হয়েছে, তেমনি এই রাস্তাতেও স্পিড গান বসানো দরকার। হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনকে আমরা সে কথা বলেছি। জোরে চালালে যদি গাড়ির মালিকের নামে কেস হয়, তাহলে চালক গাড়ির গতি কমিয়ে দেবেন। এর ফলে দুর্ঘটনাও অনেকটা কমে আসবে।