


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন গ্রাহকদের ৫ বছরে অন্তত এক বার‘ ই-কেওয়াইসি’ বাধ্যতামূলক করল রাজ্য। খাদ্যদপ্তরের প্রধান সচিব পারভেজ আমেদ সিদ্দিকি গত ১১ আগস্ট কন্ট্রোল অর্ডারের সংশোধিত বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে রাজ্য সরকার রেশন গ্রাহক পরিবারগুলির তালিকা নিয়মিত পর্যালোচনা করবে। যাদের রেশন পাওয়ার কথা নয়, তাদের বাদ দিয়ে যাদের পাওয়া দরকার, তাদের যুক্ত করার কাজ চলবে। সব গ্রাহককেই রেশন দেওয়ার প্রক্রিয়া শুরুর আগে ই-কেওয়াইসি করতে হয়। তবে কারও কারও পক্ষে তা সম্ভব হয় না। আধার থাকলেও শারীরিক সমস্যার জন্য বায়োমেট্রিক যাচাই হয় না অনেকের। এসব ক্ষেত্রে বিশেষ ছাড় আছে। খাদ্যসচিব কয়েকদিন আগে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন, আধারের কারণে কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্য বণ্টন বন্ধ করা যাবে না। সেই সঙ্গে রেশন বন্টন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ই-কেওয়াইসি প্রক্রিয়ায় আরও জোর দিতে চাইছে খাদ্যদপ্তর। রেশন তোলার সময় ই-পস মেশিনে গ্রাহকের আধার নম্বরের বায়োমেট্রিক যাচাই করা হয়। পরিবারের একজনই এই প্রক্রিয়া সম্পন্ন করে সব সদস্যের জন্য বরাদ্দ খাদ্য সংগ্রহ করতে পারেন। পরিবারের প্রত্যেক সদস্যকেই ৫ বছরে ই-কেওয়াইসি করতেই হবে। না করলে কী হবে, তা নিয়ে কিছু বলা নেই কন্ট্রোল অর্ডারে। রেশন ডিলারদের সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর আশঙ্কা, ই-কেওয়াইসি না হলে গ্রাহকদের কার্ড ব্লক করে বরাদ্দ সাময়িক বন্ধ করা হতে পারে। এতে গ্রাহকদের হয়রানি বাড়বে।