


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আর্সেনিক ও জীবাণুমুক্ত পানীয় জল সংগ্রহ করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে চালু হল অত্যাধুনিক ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম। এই প্রযুক্তি এনেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেমব্রেন রিসার্চ ল্যাবরেটরি। প্রকল্পে আর্থিক সহায়তা করেছে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ওয়াটার টেকনোলজি ইনিসিয়েটিভ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে শুরু হল এই পাইলট প্রোজেক্ট। ভবিষ্যতে বড় আকারে এর সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে সরবরাহ লাইনের জল প্রথমে একটি সংরক্ষণ ট্যাঙ্কে জমা করা হয়। এরপর সেটি অত্যাধুনিক আল্ট্রা ফিলট্রেশন সেটআপ-এর মধ্যে দিয়ে পাঠিয়ে পরিস্রুত করা হয়। মূলত ন্যানো প্রযুক্তির সেরামিক মেমব্রেন ব্যবহার করে জলের আর্সেনিক, ব্যাকটেরিয়া ও অন্যান্য ক্ষতিকর উপাদান দূর করা হয়। পরিস্রুত জল তারপর একটি ট্যাঙ্কে সংগ্রহ করে সেখান থেকে সরবরাহ করা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য বলেন, জলে আর্সেনিক দূষণ একটা বড় সমস্যা। এই প্রযুক্তির সাহায্যে জল আর্সেনিকমুক্ত করা সম্ভব হবে।