


মুল্লানপুর: চলতি আইপিএলে স্বপ্নের ফর্ম মেলে ধরেছেন সাই সুদর্শন। ১৫ ইনিংসে ৫৪.২১ গড়ে গুজরাত টাইটান্স ওপেনারের ব্যাট থেকে এসেছে ৭৫৯ রান। আপাতত পার্পল ক্যাপের মালিক তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে দল হারলেও ৪৯ বলে ৮০ রানের ইনিংস উপহার দিয়েছেন বাঁ হাতি ব্যাটার। ম্যাচ শেষে আক্ষেপের সুরে সুদর্শন বলছিলেন, ‘এটা ঠিক যে, পুরো টুর্নামেন্টে আমি ধারাবাহিকভাবে রান করেছি। কিন্তু দল চ্যাম্পিয়ন হলে আরও বেশি খুশি হতাম। তাই কিছুটা আপশোস তো রয়েই গেল।’
আইপিএল অভিযান শেষ হলেও সাই সুদর্শনের সামনে বড় পরীক্ষা। ক্রোড়পতি লিগে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। জাতীয় দলের জার্সিতে সেরাটা মেলে ধরাই এবার লক্ষ্য। সুদর্শনের কথায়, ‘আইপিএলের ফর্ম দেশের হয়ে ধরে রাখতে হবে। তাছাড়া গত কয়েকটি মরশুমে সারের হয়ে কাউন্টি খেলেছি। তাতে আমার ব্যাটিংয়ে অনেক উন্নতি হয়েছে। বিশেষ করে টেকনিকের। সেই অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে।’ একটু থেমে তাঁর সংযোজন, ‘টেস্টে নামার আগে দীর্ঘ প্রায় তিন মাস সাদা বলের টুর্নামেন্ট খেলার প্রভাব দ্রুত কাটিয়ে ওঠা জরুরি। তা নাহলে লাল বলের ক্রিকেটে সমস্যার মুখে পড়তে হবে। তবে প্রথম টেস্টের আগে অনেকটা সময় পাব। তারমধ্যে পুরোপুরি নিজেকে তৈরি করে নেওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’ উল্লেখ্য, আইপিএল ফাইনালের পরেই ভারতীয় টেস্ট স্কোয়াড ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে। সুদর্শনেরও তখনই যাওয়ার কথা। তবে অনেক বিশেষজ্ঞ, গিল-সুদর্শনদের তারও আগে ইংল্যান্ডে পাঠানোর পরামর্শ দিচ্ছেন। কারণ আইপিএলে গুজরাত টাইটান্সের দৌড় শেষ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আগেভাগে পৌঁছে গেলে ৬ জুন ভারতীয় এ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচে খেলতে পারবেন তাঁরা। তাতে ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে গিলদের। এই প্রসঙ্গে সুদর্শনের মন্তব্য, ‘মানসিকভাবে তৈরি ছিলাম, আইপিএল ফাইনালের পর ৪ জুন ইংল্যান্ডে যাব। তবে শুনছি, ৬ জুন রওনা হবে দল। পরিবর্তিত পরিস্থিতিতে যা সিদ্ধান্ত হবে, তার জন্য আমি প্রস্তুত।’ আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের পর ভারতের টি-২০ দলে জায়গা পাওয়ার ব্যাপারে কতখানি আশাবাদী? এই প্রশ্নের জবাবে সুদর্শন বলেন, ‘দেশের হয়ে প্রতিনিধিত্ব করা যে কোনও ক্রিকেটারের স্বপ্ন। তবে আমি বেশি দূরের কথা ভাবছি না। আপাতত আমার যাবতী ফোকাস টেস্ট সিরিজে। একটা কথা বলতে পারি, টি-২০ ফরম্যাটে আরও উন্নতির অবকাশ রয়েছে।’
এদিকে, শুক্রবার এলিমিনেটরে হারের পর গুজরাত অধিনায়ক শুভমান গিল বলেন, ‘একাধিক ক্যাচ মিসের খেসারত গুনতে হল। তবে পুরো মরশুমে ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছে। পরেরবার আরও শক্তিশালী হয়ে ফিরব।’