


নয়াদিল্লি: কেউ বিস্মিত, কেউ বা রীতিমতো ক্ষুব্ধ। আবার কারও মনে হয়েছে ‘ইয়ে তো হোনা হি থা’। টি-২০ বিশ্বকাপ স্কোয়াড থেকে শুভমান গিলের বাদ পড়া নিয়ে চর্চার শেষ নেই। গনগনে ইস্যুতে এবার সুনীল গাভাসকরও মুখ খুললেন। সানির মন্তব্য, ‘অবাক হওয়ার মতো সিদ্ধান্ত। গিল ক্লাসিক ব্যাটার। প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই। ছাঁটাই করার আগে আরও ধৈর্য দেখানো উচিত ছিল।’ এখানেই শেষ নয়। তাঁর সংযোজন, ‘মনে রাখতে হবে, টেস্ট এবং টি-২০ ফরম্যাটের ব্যাকরণ আলাদা। সাময়িক সমস্যা হতেই পারে। তাই বলে গিলের দক্ষতাকে অস্বীকার করা যায় না।’ অভিজ্ঞ মহলের ধারণা, গিলের হয়ে গাভাসকরের মতো কিংবদন্তি ব্যাট ধরায় আরও চাপে পড়লেন অজিত আগরকররা। নির্বাচক প্রধান হিসাবে তিনি বারবার বিতর্কের মুখে পড়েছেন। গিল ইস্যুতেও তিনি কাঠগড়ায়। মুম্বইকর অবশ্য যুক্তি দিয়েছেন, টিম কম্বিনেশন ও অফ ফর্মের কারণেই বাদ গিল। এদিন আগরকরের ব্যাখ্যাকে কার্যত স্ট্রেট ড্রাইভে বাউন্ডারির বাইরে পাঠালেন সানি গাভাসকর।
অন্য বিশ্লেষণও সমানতালে ডালপালা মেলছে। গিলের বাদ পড়া প্রসঙ্গে ভিন্নমত পোষণ করলেন হরভজন সিং। প্রাক্তন তারকা স্পিনারের অবস্থান গাভাসকরের বিপরীত মেরুতে। এদিন এক সাক্ষাৎকারে ভাজ্জি বলেন, ‘নির্বাচকরা সাহসী সিদ্ধান্ত নিয়েছে। মার্কশিটে দশ নম্বরের মধ্যে পুরো দশই ওদের প্রাপ্য।’ একটু থেমে তাঁর সংযোজন, ‘গিলের জন্য খারাপ লাগছে। তবে জীবনে এমন পরিস্থিতি একজনকে আরও শক্তিশালী করে তোলে। আমি চাই, এই ধাক্কা থেকে শিক্ষা নিক গিল। তাতে ভবিষ্যতে উপকৃত হবে।’ পাঞ্জাব কি পুত্তরের গলায় বেশ ঝাঁঝ। মোদ্দা কথা শনিবার দল নির্বাচনের পরেও কাঁটাছেঁড়া চলছে পুরোদমে।
আসলে শুভমানকে কার্যত ‘পোস্টার বয়’ হিসাবে তুলে ধরতে চেয়েছিল বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের আগে নিজেদের সরিয়ে নেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ক্রমে টেস্ট এবং ওয়ান ডে’তে অধিনায়কত্বের মুকুট ওঠে গিলের মাথায়। বিলেতে প্রতিকূল পরিস্থিতিতে লেটার মার্কস নিয়ে পাশ করেন নতুন ক্যাপ্টেন। কয়েক মাসের মধ্যেই টি-২০’র সহ-অধিনায়ক। মনে করা হচ্ছিল, বোর্ড এবং টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা মাফিক শীঘ্রই কুড়ির ক্রিকেটের নেতৃত্বও তাঁর হাতে আসবে। কিন্তু নিয়তির পরিহাস। টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে জায়গাই হল না ডানহাতি ব্যাটারের। অথচ ফর্মের নিরিখে তাঁর চেয়েও দুর্দশাগ্রস্ত সূর্যকুমার যাদব টিকে গেলেন। অধিনায়কের মুকুটও অক্ষত। তবে আসন্ন বিশ্বকাপ তাঁর কাছে অ্যাসিড টেস্ট। রান না পেলে ভারতীয় ক্রিকেটে সূর্যাস্ত নিশ্চিত। গিলকে গিলোটিনে চাপিয়ে সূর্যকুমারকেও বার্তা দিয়ে রেখেছেন নির্বাচকরা।