


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নাবালক শিশুকে নিয়ে পলাতক মা ভিক্টোরিয়াকে খুঁজে বের করতে মস্কোয় থাকা ভারতীয় দূতাবাসের এত গাছাড়া ভাব কেন? বাঙালি যুবক সৈকত বসুর রুশ স্ত্রী ভিক্টোরিয়ার মামলার শুনানিতে শুক্রবার এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ কেন্দ্রীয় সরকারের আইনজীবী তথা দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাট্টিকে প্রশ্নের মুখে ফেললেন। কেন এতদিনেও খোঁজই পেলেন না পলাতকের? রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, সেটা জানি। সেকথা মাথায় রেখেই অত্যন্ত কেয়ারফুলি কূটনৈতিকভাবে নিষ্পত্তি করতে হবে। বিদেশ মন্ত্রক কী করছে? কেন মস্কোয় ভারতীয় দূতাবাস রাশিয়ার সঙ্গে কথা বলছে না? এত অনীহা কেন?