


কোজি লোকাস কাফে অ্যান্ড মাল্টি কুইজিন রেস্তরাঁয় বিদেশি মিষ্টির বিভিন্ন ধরন পাবেন। ইস্টার উপলক্ষ্যে দু’টি চিজকেকের রেসিপি জানালেন কন্টিনেন্টাল শেফ অরিন্দম নায়েক।
সময়টা ছিল খ্রিস্টপূর্ব ৭৭৬। ক্রীড়াবিদদের পুষ্টিকর খাবার হিসেবে গ্রিস দেশে চিজকেক তৈরি শুরু হয়। তার কিছুদিন পর থেকেই বিয়ের অনুষ্ঠানে শেষপাত আলো করেছিল চিজকেক। গ্রিসে এই খাবারটিকে বলা হতো পালুকস। চিজ, মধু আর ময়দা দিয়ে তা তৈরি করা হতো। ক্রিমের আমদানি তার অনেক পরে ঘটেছে। যাই হোক, এই মিষ্টি স্বাদে একটু ভিন্ন ছিল বলেই হয়তো তা গোটা ইউরোপেই ছড়িয়ে পড়েছিল খ্রিষ্টপূর্ব সময়কালেই। সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার হিসেবে এর কদর শুরু করে খাদ্যরসিকরাও। তারও অনেক পরে মার্কিন দেশে এই মিষ্টির আমদানি হলে তাতে ময়দার বদলে ক্রিমচিজের ব্যবহার করা হয়। মোটামুটি ১৯ শতকে নিউ ইয়র্কের এক ডেয়ারি ব্যবসায়ী উইলিয়াম লরেন্স এই মিষ্টির রেসিপিতে ক্রিমচিজের সংযোজন করেন। সেই থেকেই একেবারে ভিন্ন স্বাদে তৈরি করা শুরু হয় চিজকেক। ক্রমশ তাতে ফিলিং হিসেবে নানাধরনের ফল ও অন্যান্য ফ্লেভারের ব্যবহার শুরু হয়। এই রেসিপিটি নিয়ে এখনও রেস্তরাঁর শেফরা পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। কত রকমভাবে চিজকেকের ফিলিং তৈরি করা যায় তা নিয়ে রীতিমতো গবেষণা চলে শেফদের মধ্যে। দু’টি ভিন্ন স্টাইলে তৈরি চিজকেকের রেসিপি আপনাদের জন্য।
ব্লুবেরি চিজকেক
উপকরণ: বেসের জন্য: গুঁড়ো করা বিস্কুট ১ কাপ, গলিয়ে নেওয়া মাখন কাপ। ফিলিংয়ের জন্য: ক্রিমচিজ ৫০০ গ্রাম, গুঁড়ো চিনি ১ কাপ, ভ্যানিলা এক্সট্র্যাক্ট ১ চা চামচ, হুইপড ক্রিম ২০০ গ্রাম। টপিংয়ের জন্য: ব্লুবেরি ১ কাপ, গুঁড়ো চিনি ১ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ চা চামচ, জল
১ টেবিল চামচ।
পদ্ধতি: বিস্কুটের গুঁড়োর সঙ্গে মাখন মিশিয়ে একটা মণ্ড তৈরি করে নিন। তারপর চিজকেক টিন গ্রিজ করে তা সমানভাবে পেতে দিন। এবার তা আধ ঘণ্টা ফ্রিজে রেখে সেট করে নিন। ইতিমধ্যে ফিলিংয়ের জন্য ক্রিমচিজ, চিনি, ভ্যানিলা, লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। হুইপড ক্রিম ফেটিয়ে এই মিশ্রণে মেশান। এবার তা চিজকেকের বেসের উপর সমানভাবে ঢেলে দিন। তারপর ৬ থেকে ৮ ঘণ্টা ফ্রিজে রেখে জমিয়ে নিন। ইতিমধ্যে একটা স্যসপ্যানে ব্লুবেরি, চিনি আর লেবুর রস নিয়ে তা ফোটান। রস তৈরি হলে জলে গুলে কর্নফ্লাওয়ার তাতে দিন। থকথকে হলে নামিয়ে নিন। ঠান্ডা করে তা চিজকেকের উপর ছড়িয়ে পরিবেশন করুন।
বিসকফ চিজকেক
উপকরণ: ক্রাস্ট তৈরি করার জন্য: কফি ফ্লেভার্ড বিস্কুট গুঁড়ো করা ২০০ গ্রাম, মাখন গলানো ৭৫ গ্রাম, ক্রিমচিজ ৪০০ গ্রাম, গুঁড়ো করা চিনি ১০০ গ্রাম, ভ্যানিলা এক্সট্র্যাক্ট ১ চা চামচ, হুইপড ক্রিম ২৫০ মিলি, কফি স্প্রেড ১৫০ গ্রাম। টপিংয়ের জন্য: গলানো কফি স্প্রেড ১০০ গ্রাম, থেঁতো করা কফি বিস্কুট সাজানোর জন্য।
পদ্ধতি: একটা পাত্রে গুঁড়ো করা বিস্কুট আর মাখন নিয়ে মণ্ড বানিয়ে নিন। এবার একটা স্প্রিং ফোল্ড কেক টিন গ্রিজ করে নিন। তারপর এই মণ্ড সমানভাবে পেতে বেস তৈরি করে নিন। এই বেসসহ কেক টিন ফ্রিজে আধ ঘণ্টা রেখে দিন। তাহলেই তা সম্পূর্ণ সেট করে যাবে। এবার ফিলিংয়ের জন্য ক্রিমচিজ, ভ্যানিলা, চিনি, কফি স্প্রেড একসঙ্গে ফেটিয়ে নিন। তারপর হুইপড ক্রিম ফেটিয়ে তার সঙ্গে মেশান। চিজকেক বেসের উপর এই মিশ্রণ পুরু করে ঢেলে সমান করে ছড়িয়ে দিন। ছ’ঘণ্টা ফ্রিজে রেখে তা জমিয়ে নিন। বার করে গলানো কফি স্প্রেড ঢেলে দিন। উপর থেকে থেঁতো করা বিস্কুট ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন।