


নয়াদিল্লি: দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে টানাপোড়েনের মধ্যে শুক্রবার আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা দিল নয়াদিল্লি। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, তিন দিনের বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠকে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে দুই পক্ষই আগ্রহী ও বদ্ধপরিকর। ২০-২২ এপ্রিল ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রাথমিক পর্বের বিষয়গুলি চূড়ান্ত করার লক্ষ্যেই দুই দেশের শীর্ষ আধিকারিকদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। বর্তমান বাজার, শুল্ক ব্যবস্থা, বাণিজ্যে প্রযুক্তিগত বাধা, বিনিয়োগ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।