


ভুবনেশ্বর: ওড়িশায় ফের গায়ে আগুন দিয়ে আত্মঘাতী ছাত্রী। এই নিয়ে চতুর্থবার এধরনের ঘটনার সাক্ষী থাকল বিজেপি শাসিত রাজ্য। সোমবার ঘটনাটি ঘটেছে ওড়িশার বারগড় জেলার ফিরিংমাল গ্রামে। নিহত ছাত্রী অষ্টম শ্রেণীর পড়ুয়া। বয়স মাত্র ১৩। কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিয়েছে সে, তা এখনও স্পষ্ট নয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, দগ্ধ অবস্থায় এলাকার এক মাঠ থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য পাঠানো হয় জেলা হাসপাতালে। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। নাবালিকা ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
গত ১২ জুলাই বালেশ্বরের এক ছাত্রী কলেজ চত্বরেই নিজের গায়ে আগুন দেন। জানা যায়, কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন তিনি। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ। এরপরই অপমানে গায়ে আগুন দেন ওই ছাত্রী। এই ঘটনা ঘিরে তোলপাড় পড়ে যায় গোটা দেশে। কয়েকদিন পর ওই ছাত্রীর মৃত্যু হয়। এরপর আরও দুই কিশোরীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। এবার তালিকায় জুড়ল বারগড়ের নাবালিকার নাম।