


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় বেশ খানিকটা বাড়ল মঙ্গলবার। সোমবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সোমবার দার্জিলিংয়ের তাপমাত্রা বেড়ে হল ৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয় ৫.৯ ডিগ্রি বেশি। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১.৬ ডিগ্রি। মঙ্গলবার তা হল ৩.৪ ডিগ্রি। এর পাশাপাশি পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা কমবেশি একই থেকেছে। কিছু এলাকায় সোমবারের তুলনায় সামান্য বেড়েছে তাপমাত্রা। তবে উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডার প্রকোপ রয়েছে।
তাপমাত্রার এই বৃদ্ধি কেন? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আচমকা মেঘ ও কুয়াশার জন্যই তাপমাত্রা এমন বৃদ্ধি পেয়েছে। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী একসপ্তাহে রাজ্যের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে আগামী দিনপাঁচেক হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাঁকুড়ায়। সেখানকার তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি। উত্তরবঙ্গের সমতল জেলাগুলোর মধ্যে কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৬ ডিগ্রি। কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয় ০.৫ ডিগ্রি কম। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, আসানসোল, মেদিনীপুর, সিউড়ি, বর্ধমান ও মুর্শিদাবাদের তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যেই ছিল। সেদিক থেকে কল্যাণী, বাঁকুড়া ও শ্রীনিকেতনের তাপমাত্রা ৯ ডিগ্রিতেই ছিল। কলকাতার আশপাশের এলাকায় ১১ থেকে ১৫ ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছিল। অন্যদিকে, কালিম্পং থেকে মালদহের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যেই ছিল।