


সংবাদদাতা, উলুবেড়িয়া: তালিকায় স্ত্রী ও দুই ছেলের নাম থাকলেও স্বামীর নাম বাদ। সোমবার গভীর রাতে এসআইআরে বিচারাধীনদের প্রথম তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় নাম না থাকায় আতঙ্কিত একাধিক নাগরিক। ভোট দেওয়া দূরে থাক, নিজেদের ভবিষ্যৎ নিয়েই এখন তাঁরা দোটানায়।
শ্যামপুর বিধানসভা কেন্দ্রের ৬০ নম্বর বুথ। এই বুথে ভোটার তালিকা থেকে ১০ জনের নাম বাদ গিয়েছে। আক্তার খান এই বুথেই ভোট দিয়েছেন গত নির্বাচনে। ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার পর আক্তার সাহেব ও তাঁর ছোটো ভাইয়ের কাছে নোটিস আসে। তিনি বলেন, আমরা পাঁচ ভাই। নোটিস পাওয়ার পর আমরা দুই ভাই সব নথি জমা দিয়ে এলেও আমাদের নাম বিচারাধীন তালিকায় থেকে যায়। সোমবার বিচারাধীনদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে শুধু আমার ভাইয়ের নাম রয়েছে। সব থেকে আশ্চর্য ঘটনা হল, আমার স্ত্রী ও দুই ছেলের নাম থাকলেও আমার নাম কেটে দেওয়া হয়েছে।
অন্যদিকে শেখ সাহাজাদার বাবা ও মায়ের নাম ভোটার তালিকায় থাকলেও তাঁদের আট ভাই ও দুই বোনের নামে শুনানির নোটিস এসেছিল। তারপর সকলেই প্রয়োজনীয় নথি জমা দিলেও ‘বিচারাধীন’ তালিকায় নাম চলে যায়। সোমবার যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে পাঁচ ভাইয়ের নাম উঠলেও তিন ভাইয়ের নাম বাদ হয়ে গিয়েছে। বোনদের খবর পাওয়া যায়নি। সাহাজাদা বলেন, সবাই বলছে ভোট দিতে পারব না। এখন দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!