


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মানিকতলা ইএসআই এখন রাজ্যের সর্বাধিক ক্রিটিক্যাল কেয়ার বেডের ইএসআই হাসপাতাল। এতদিন এখানে ছিল ৩৩টি ক্রিটিক্যাল কেয়ার বেড। চালু হল আরও ১৯টি আইটিইউ শয্যা। ফলে মোট ক্রিটিক্যাল কেয়ার বেড বেড়ে হল ৫২টি। রাজ্য শ্রমদপ্তরের অধীন ১৩টি ইএসআই হাসপাতালের মধ্যে এটাই সর্বোচ্চ। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে নতুন ১৯টি বেড চালু করা হয়। এর জন্য খরচ পড়েছে প্রায় ৫ কোটি টাকা (৪ কোটি ৯৫ লক্ষ)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, দমকলমন্ত্রী সুজিত বসু, ইএসআই এমবি স্কিমের অধিকর্তা তন্ময় চক্রবর্তী প্রমুখ। ইএসআই সূত্রের খবর, এতদিন এখানকার তিনতলায় ১৬টি আইসিসিইউ এবং ১৭টি আইটিইউ বেড ছিল। চারতলাতে চালু হল নতুন ১৯টি আইটিইউ। এতে কী সুবিধা হবে? শ্রমদপ্তরের কর্তারা জানান, এই সম্প্রসারণের ফলে রাজ্যের অন্যান্য ইএসআই হাসপাতাল থেকে রেফারাল রোগীরা সহজেই এখানে ক্রিটিক্যাল কেয়ার পরিষেবা পাবেন। বিভিন্ন সুপার স্পেশালিটি পরিষেবার ব্যাপারে অনেক ক্ষেত্রে ইএসআই হাসপাতালগুলি চুক্তিবদ্ধ বিভিন্ন বেসরকারি হাসপাতালের উপর নির্ভরশীল। সেরকম বহু জায়গায় ইএসআই-এর রোগীরা অবহেলিত হন, এমন অভিযোগ দীর্ঘদিনের। সুবিশাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থাকায় এই পরনির্ভরতা অনেকটাই কমবে। সরকারের অতিরিক্ত আর্থিক ব্যয়ও কমবে। রাজ্যের ইএসআই পরিষেবার উপর নির্ভরশীল শ্রমিকরা আগের থেকে বেশি সুবিধা লাভ করবেন। আশঙ্কাজনক রোগীদের চিকিৎসায় হাসপাতাল আরও স্বয়ম্ভর হল।