


বর্ষার মরশুমে কাকভেজা হয়ে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে হাতে এককাপ কফি! আহ্, সারাদিনের সব ক্লান্তি, গ্লানি জুড়ানোর জন্য এর চেয়ে বেশি আর কী চাই? কিংবা ধরা যাক, হঠাৎ বন্ধুদের নিয়ে প্ল্যান! তড়িঘড়ি বেরিয়ে কোনও ক্যাফেতে বসে কফি সহ বন্ধুদের সঙ্গে আড্ডা। মোদ্দা কথা, ক্লান্তি জুড়াতে বা আড্ডা জমাতে নবীন প্রজন্মের অন্যতম পছন্দের পানীয় কফি। অথচ এই পানীয়টি দিয়ে ত্বক ও চুলের যাবতীয় যত্ন সেরে ফেলা যায়।
বর্ষায় এমনিতেই স্যাঁতসেঁতে আবহাওয়ায় ত্বক আর চুলের দফারফা অবস্থা হয়। তার উপর নিত্য ইঁদুরদৌড়ের জীবনে রয়েছে পেশাগত চাপ। এই দৌড়ে চলা জীবনের ছাপ পড়ছে আমাদের ত্বক আর চুলেও। নিয়মিত পার্লারে গিয়ে নিজের যত্নআত্তি করার সময়ও সবসময় মেলে না। তাছাড়া নিয়মিত নামীদামি পার্লারে যেতে গেলে পকেটেও বেশ টান পড়ে। তবে ত্বক ও চুলের যত্নে ঘরোয়া উপায় আছে আপনার হাতের নাগালেই। আর তাতেই মুশকিল আসান করবে পছন্দের পানীয় কফির বীজ!
ত্বকের যত্নে কফি
রোদে পুড়ে, বা রান্নাঘরের তাপে নিয়মিত থাকতে থাকতে ত্বক হারিয়ে ফেলে তার নিজস্ব ঔজ্জ্বল্য। কফির মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ও ক্যাফিন সেই হারিয়ে যাওয়া উজ্জ্বলতা আবার ফিরিয়ে আনতে সাহায্য করে। ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন কফি বীজ?
• ব্রণর সমস্যা
বয়ঃসন্ধিকাল থেকে ব্রণর সমস্যায় ভোগেননি এমন মানুষ হাতে গোনা। তবে কফির ম্যাজিকে মিটে যেতে পারে এই সমস্যা। কফির অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ কমায় ত্বকের প্রদাহ। কফির বীজ গুঁড়ো করে তিন চামচ নিয়ে, তার সঙ্গে দু’চামচ চিনি আর তিন চামচ নারকেল তেল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার সেটি সারা মুখে মেখে মিনিট দশেক রেখে দিন। তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত এই মিশ্রণ মুখে লাগালে ব্রণ সারবে, ত্বকও উজ্জ্বল হবে।
• চোখের তলায় কালি দূর করতে
কাজের চাপে রাত জাগতে হলে বা বিভিন্ন চিন্তায় ঠিকমতো ঘুম না হলে চোখের তলায় কালি পড়ে। এই সমস্যা দূর করতে কাজে লাগাতে পারেন কফি গুঁড়ো। এর সঙ্গে একটু মধু মিশিয়ে চোখের তলায় সেই মিশ্রণের প্রলেপ লাগিয়ে মিনিট পনেরো রেখে দিন। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সাতদিন টানা এই পদ্ধতি অবলম্বন করলেই মিলবে ফল।
• মুখের ফোলাভাব
চোখের তলার কালি দূর করার পাশাপাশি কফির মধ্যেকার ক্যাফিন ধমনী ও শিরাগুলোকে রিল্যাক্স করে চোখের আশেপাশের ফোলাভাবও দূর করে।
• ত্বকের দাগছোপ
বিভিন্ন কারণে ত্বকে প্রচুর দাগছোপ দেখা যায়। কফির গুঁড়ো, কোকো, আর দুধের মিশ্রণ তৈরি করে তাতে লেবুর রস আর মধুর মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন। সপ্তাহে তিনদিন তা মেখে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে নিন। কমে যাবে ত্বকের দাগছোপ। বাড়বে জেল্লা।
• বলিরেখার সমস্যা
বলিরেখা দূর করে ত্বকের তারুণ্য ফিরিয়ে আনতে পারে কফি বীজ। কফির অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্লোরোজেনিক অ্যাসিড রুখে দিতে পারে বয়সকে।
শুধু ত্বক নয়, চুলের যত্নেও কফি হয়ে উঠতে পারে আস্থার উপকরণ। বর্ষায় মাথায় চিরুনি ছোঁয়ালেই উঠে আসে গোছা গোছা চুল! আবার বিভিন্ন ধরনের ওষুধের প্রভাবেও চুল পড়তে পারে। তাছাড়া সারাবছরই চুলের নানাবিধ সমস্যা লেগে থাকে। চুলের এইরকম হাজারো সমস্যা থেকে মুক্তি দিতে পারে কফি বীজ।
চুলের যত্নে কফি
• চুল পড়ার সমস্যা
বিশেষত বর্ষায় চুল পড়ে যাওয়া সকলের ক্ষেত্রেই মারাত্মক সমস্যার। কফির পাউডার, দারচিনির গুঁড়ো, লেবুর রস এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। উপরের সবক’টি উপকরণ মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। শ্যাম্পু করার পর মাথায় মেখে নিন প্যাকটি। দিন পনেরো পর থেকেই চুল পড়ার সমস্যা অনেকটা কমবে।
• শুষ্ক চুলের সমাধান
দূষণের কারণে চুল শুষ্ক হয়ে যায়। কফি চুলের শুষ্কতা দূর করে আবার ঝলমলে রেশমি করে তুলতে পারে। তার জন্য প্রয়োজন আধ কাপ টক দই, চার টেবিল চামচ কফির গুঁড়ো, তিন চা চামচ লেবুর রস। এই মিশ্রণ ভালোভাবে মিশিয়ে সেই মিশ্রণ হাত বা ব্রাশের মাধ্যমে চুলে লাগিয়ে মিনিট কুড়ি রেখে দিন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই পদ্ধতিতে মসৃণ হয়ে উঠবে চুল।
• জেল্লাদার চুল
চুলের জেল্লায় সকলের নজর কাড়তে দুই টেবিল চামচ কফির সঙ্গে দু’ টেবিল চামচ মধু মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। তিরিশ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ফেলুন। সপ্তাহখানেক এটুকু যত্ন নিলেই চুলে জেল্লা ফিরবে। কফির মধ্যে থাকা ক্যাফিন চুলের ফলিকলকে উদ্দীপিত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে চুল দ্রুত বৃদ্ধি পায়। মাথার ত্বক পরিষ্কার হয় ও চুলে পুষ্টির জোগান আসে।
কখন সতর্ক হবেন?
তবে ত্বক এবং চুলে কফি বিন ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতাও অবলম্বন করা জরুরি। ত্বক বিশেষজ্ঞদের মতে, ত্বকে কফি ব্যবহারের আগে অ্যালার্জি পরীক্ষা করে নেওয়া উচিত। সহজে বাড়িতেই করতে পারেন এই পরীক্ষা। কানের পিছনে বা কনুইয়ের ভিতরের দিকে অল্প কফির গুঁড়ো লাগিয়ে দেখুন। কোনওরকম চুলকানি হলে কফি বিন ব্যবহার করবেন না। ত্বকে কফি ব্যবহার করে সরাসরি সূর্যের আলোয় বেরবেন না।
ক্যাফিনে অ্যালার্জি হলে চুলের ক্ষেত্রেও ব্যবহার করা উচিত নয়। মাথার ত্বকে সরাসরি কফি পাউডার ঘষবেন না, তাতে মাথার ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। কফি ব্যবহারের পর ভালোভাবে চুল ধুয়ে নেওয়া উচিত যাতে কফির গুঁড়ো স্ক্যাল্পে লেগে না থাকে।
প্রদীপ্তা কুণ্ডু