


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফেব্রুয়ারি ও মার্চ মাসে দাম বেড়েছিল। তবে এপ্রিল মাসে রেশনের কেরোসিনের দাম প্রতি লিটারে সাড়ে ৪ টাকার আশপাশে কমছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এমাসের কেরোসিনের বেসিক ইস্যু প্রাইস ঘোষণা করেছে। প্রতি কিলোলিটারে ইস্যু প্রাইস করা হয়েছে ৫০ হাজার ৯৫১ টাকা। মার্চ মাসে এটা ছিল ৫৫ হাজার ৩২০ টাকা। ইস্যু প্রাইসের ভিত্তিতে রাজ্য খাদ্যদপ্তর প্রতিমাসে রেশনে কেরোসিনের খুচরো বিক্রয় মূল্য নির্ধারণ করে। ইস্যু প্রাইসের সঙ্গে বিক্রেতাদের কমিশন, পরিবহণ খরচ, জিএসটি প্রভৃতি যুক্ত হয়। এমাসে দাম সাড়ে ৪ টাকার মতো কমে প্রতি লিটারে ৫৮-৫৯ টাকা হবে বলে মনে করছে কেরোসিন ডিলারদের সংগঠন। তবে এই দামও যথেষ্ট বেশি বলে মনে করছে তারা। লিটার প্রতি খুচরো বিক্রয় মূল্য ৫০ টাকার আশপাশে না এলে চাহিদা বাড়বে না বলে জানিয়েছেন, সংগঠনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত। বেশি দাম হওয়ার কারণে গরিব গ্রাহকরা কেরোসিন সংগ্রহ করতে না পেরে কাঠকুটো পুড়িয়ে রান্না করতে বাধ্য হচ্ছেন। এতে পরিবেশ দূষণ বাড়ছে। রাজ্যের মাসিক বরাদ্দ আগের তিনভাগের একভাগ করে দিলেও পুরো কোটা তোলা যাচ্ছে না।