


চেন্নাই: দক্ষিণ আফ্রিকার কাছে সুপার এইটের প্রথম ম্যাচে ৭৬ রানে পরাজয়কে শাপে বর হিসেবে দেখছেন রবি শাস্ত্রী। আইসিসি রিভিউ’র সর্বশেষ এপিসোডে ভারতের প্রাক্তন প্রধান কোচ বলেছেন, ‘টি-২০ বিশ্বকাপে টানা ১২ ম্যাচ জেতার পর একদিন খারাপ যেতেই পারে। সেটা আগেই এসেছে বলে আমি খুশি। এই ঝাঁকুনির প্রয়োজন ছিল ভারতের। এতে ভুলত্রুটি শুধরে নিতে পারবে দল। তাছাড়া আগে থেকে যে কিছু ধরে নিলে হবে না, এই শিক্ষাটাও নিশ্চয় পেয়েছে ওরা।’ অক্ষর প্যাটেলকে প্রথম এগারোয় খেলানোর পরামর্শ দিয়েছেন শাস্ত্রী। তাঁর মতে, ‘ওর অভিজ্ঞতা কাজে আসবে। আমি হলে অক্ষরের সঙ্গে ওয়াশিংটন সুন্দরকেও খেলাতাম।’ শাস্ত্রী আরও বলেছেন, ‘অক্ষর খেললে ও আট নম্বরে নামবে। সেক্ষেত্রে পাঁচ, ছয়, সাতে নামুক হার্দিক পান্ডিয়া, শিবম দুবে এবং সুন্দর। অক্ষরকে অবশ্য পাঁচেও পাঠানো যায়। আটজন ব্যাটার যদি টি-২০ ক্রিকেটে দলকে ভরসা দিতে না পারে, তাহলে কোথাও গলদ রয়েছে। এই কম্বিনেশনে রিঙ্কু সিংয়ের জায়গা হচ্ছে না। তবে যদি শিবিরে ফিরে আসে, তবে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই খেলা উচিত ওর।’
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং অবশ্য কুলদীপ যাদবকে খেলানোর পক্ষপাতী। তাঁর যুক্তি, ‘চেন্নাইয়ের কন্ডিশনের কথা মাথায় রেখে কোনটা সেরা ১১, সেটা ঠিক করা জরুরি। আমি হলে তো কুলদীপকে খেলাতাম। কারণ ব্যাটসম্যান বাঁ হাতি হোক বা ডানহাতি, কুলদীপের কাছে তা গুরুত্বহীন। ও বাঁ হাতে লেগস্পিন করে। আবার গুগলিও দেয়। ফলে ওকে সামলানো কঠিন।’