


সংবাদদাতা, বারুইপুর: মৈপীঠে আবার দেখা গেল বাঘের পায়ের ছাপ। শোনা গিয়েছে তার বিকট গর্জনও। এরপর তীব্র আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। মানুষ সন্ধ্যা হতেই দরজা-জানলা বন্ধ করে ভয়ে সিঁটিয়ে থাকছেন।
বাঘের খবর পেয়ে বনদপ্তর ও মৈপীঠ উপকূল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বাঘের পায়ের ছাপ ধরে খোঁজ চালাচ্ছেন বনদপ্তর ও টাইগার রেসকিউ টিমের কর্মীরা। নদীপথে বাড়ানো হয়েছে পেট্রলিং। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, আজমলমারি ১১ নম্বর জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসেছে। ঠাকুরাণ নদীর শাখা পার করে ঢুকেছে লোকালয়ে।
বৃহস্পতিবার সকালে মৈপীঠের কিশোরীমোহনপুর শ্রীকান্তপল্লিতে জঙ্গল সংলগ্ন রাস্তার পাশে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। জোরালো গর্জনও শোনা গিয়েছে বলে দাবি। মঙ্গলারানি পুষ্টি নামে গ্রামের এক গৃহবধূ বলেন, ‘সকালে রাস্তার ধারে আবর্জনা ফেলতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পাই। আমাদের ঘরের আশপাশেও পায়ের ছাপ। খুব আতঙ্কে আছি। বাঘ জঙ্গলে ফিরে গিয়েছে কি যায়নি তা বনদপ্তর বলছে না।’ শম্ভুচরণ সিট নামে এক গ্রামবাসী বলেন, ‘গতবছরেও এই সময় বাঘ ঢুকেছিল এলাকায়। জঙ্গল সংলগ্ন রাস্তায় আলো নেই। আমরা খুব ভয়ে আছি। ঘর থেকে কেউ বেরতে পারব না।’ বাঘ যাতে কোনওভাবেই লোকালয়ের ভিতরে না আসতে পারে তার জন্য এদিন গ্রামের লোকজন লাঠি হাতে রাত পাহারার ব্যবস্থা করেছে। বনদপ্তর রাতে পটকা ফাটানোর ব্যবস্থা রাখছে। নিজস্ব চিত্র