


সংবাদদাতা, পুরাতন মালদহ: যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের চাকরি যাওয়ার প্রতিবাদ এবং ওই চাকরি যাওয়ার পিছনে সিপিএম, বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মালদহ জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে জেলা জুড়ে ধিক্কার মিছিল করা হল। শুক্রবার ইংলিশবাজার শহরে এই কর্মসূচিতে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, শহরের তৃণমূল নেত্রী প্রতিভা সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও হাতে প্ল্যাকার্ড নিয়ে শহরের ছাত্র, যুব কর্মী-সমর্থকরাও সেখানে অংশ নেন। ধিক্কার মিছিলটি শহরের কলেজ গেট মোড় থেকে রাজমহল মোড় পর্যন্ত যায়। মালদহ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় বলেন, ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে। ওই রায়কে আমরা সম্মান জানিয়ে মাথা পেতে নিচ্ছি। কিন্তু মুখ্যমন্ত্রী তথা আমাদের নেত্রী বলেছেন অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও বলি করা হয়েছে। যোগ্যদের একজনেরও চাকরি যেন না যায় এবং শিক্ষকদের ক্লাস রুমে ফিরতে পরামর্শ দিয়েছেন। কোর্টের মাধ্যমেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিকল্প পথ বের করার পরিকল্পনা হয়েছিল। কিন্তু সিপিএম এবং বিজেপির একদল মানুষ শিক্ষক সেজে এবং শিক্ষকদের পাশে নিয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছে। প্রশাসনকে বিরক্ত করছে, আইন হাতে তুলে নিচ্ছে। সেজন্য এমন প্রতিবাদ। জেলা তৃণমূল ছাত্র পরিষদ সূত্রে জানা গিয়েছে, এদিন রাজ্যের নির্দেশে পুরাতন মালদহ, গাজোল, চাঁচল, পাকুয়া, কালিয়াচক সহ বিভিন্ন ব্লকে এই বিক্ষোভ কর্মসূচি হয়েছে। নিজস্ব চিত্র