


লিসবন, ১৬ নভেম্বর: ‘ক্লাউডিয়া’ নামের টর্নেডোয় বিপর্যস্ত পর্তুগাল। মৃত্যু হল ৩ জনের। আহত আরও বেশ কয়েকজন। গতকাল অর্থাৎ শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এই বিষয়টি জানিয়েছে। এই ঘূর্ণিঝড়ের জেরে ব্রিটেনে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। উদ্ধারকারী দলের কর্মীরা ওয়েলস এবং ইংল্যান্ড থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছেন। পাশাপাশি ঘূর্ণিঝড়ের ফলে পর্তুগাল এবং স্পেনের একাংশে গত কয়েকদিন ধরেই দেখা দিয়েছে ভয়াবহ পরিস্থিতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ব্রিটেন এবং আয়ারল্যান্ডের কিছু অংশে আঘাত হানে এই ঘূর্ণিঝড়টি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত শনিবার দক্ষিণ পর্তুগালের আলবুফেরায় এই ঘূর্ণিঝড়টি আঘাত হানে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই টর্নেডোর ভয়াবহতার একটি ভিডিও ভাইরাল। ঝড়ে স্থানীয় একটি হোটেলের প্রায় ২৮ জন মানুষ জখম হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, লিসবনের টাগাস নদী সংলগ্ন ফেরনাও ফেরো এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত। গত বৃহস্পতিবার ওই এলাকারই একটি বাড়ি থেকে উদ্ধারকারী দল এক বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট। পাশাপাশি জখমদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন তিনি।