


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এই বছর দোল পূর্ণিমার আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিজ্ঞানীরা বলছেন, যার ফলে উজ্জ্বল সাদার বদলে চাঁদকে দেখা যাবে তামাটে। আকাশে চাঁদের এই রূপ দেখার জন্য মুখিয়ে রয়েছেন মহাকাশপ্রেমীরা।
কেন্দ্রীয় সরকারের পৃথিবী বিজ্ঞান মন্ত্রক জানিয়েছে, আজ, মঙ্গলবার দেশের একেবারে পশ্চিম প্রান্তে কিছু এলাকা ছাড়া সমস্ত প্রান্ত থেকে এই গ্রহণ দেখা যাবে। দেশের বেশিরভাগ এলাকায় চন্দ্রোদয়ের সময় এই গ্রহণের শেষাংশ দেখা যাবে। উত্তর-পূর্ব ভারতের কিছু এলাকা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পুরো গ্রহণ দেখা যাবে। কখন শুরু হবে গ্রহণ? মন্ত্রক জানাচ্ছে, ভারতীয় সময় দুপুর ৩ টে ২০ মিনিটে গ্রহণ লাগবে। শেষ হবে সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিটে। চাঁদ সম্পূর্ণ ঢেকে যাবে বিকাল ৪ টে ৩৪ মিনিটে। গ্রহণ ছাড়তে শুরু করবে ৫ টা ৩৩ মিনিটে। এরপর আবার ২০২৮ সালে ৬ জুলাই চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে সেটি হবে আংশিক।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আসলে কখন হয়? বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিকাল মিউজিয়ামের (বিআইটিএম) আধিকারিক তরুণ দাস বলছেন, ‘এমন দিনে পূর্ণিমার আকাশে সূর্য আর চাঁদের মাঝে পৃথিবী চলে আসে এবং এরা একই সরলরেখায় অবস্থান করে। পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদকে ঢেকে দেয়। তখনই আমরা তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলি’। কিন্তু চাঁদের রং তামাটে হবে কেন? তরুণবাবুর ব্যাখ্যা, ‘আসলে সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদের গায়ে লাগে। সেই কারণেই চাঁদকে তখন তামাটে রঙের মনে হয়। ‘কেউ একে ‘ব্লাড মুন’ও বলে। আজ, মঙ্গলবার কলকাতায় চাঁদ ওঠার সময় সন্ধ্যা ৫টা ৩৯ মিনিট। কলকাতা থেকে শুধুমাত্র গ্রহণ ছাড়ার দৃশ্য দেখা যাবে।