


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোবাইল ফোন হোক বা বাইক—ধার করে জিনিস কিনতে চাই ক্রেডিট স্কোর ঠিক রাখা। সাম্প্রতিক একটি রিপোর্ট দাবি করেছে, শুধু ঋণ নেওয়ার ক্ষেত্রেই নয়, নিজের আর্থিক অবস্থা মাপতে নিয়মিত ক্রেডিট স্কোরের দিকে নজর রাখছে সাধারণ মানুষ। পাছে তাতে কোনো বিচ্যুতি হয়, তার দিকেও নেকনজর থাকছে তাদের। সিবিল স্কোর নিয়ে মাথাব্যথায় সবচেয়ে এগিয়ে নতু প্রজন্ম, বলছে রিপোর্ট। তথ্য বলছে, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সিবিল স্কোরের দিকে নজর রাখার সংখ্যা ১৮ কোটি ৩০ লক্ষ। প্রথমবার সিবিলে চোখ রাখা এবং তারপর থেকে নিয়মিত তা নিয়ে চর্চা করার হার গত একবছরে বেড়েছে ২৭ শতাংশ বেড়েছে, বলছে রিপোর্ট।
সাধারণ মানুষকে টাকা ধার দেওয়ার আগে তাঁদের ধার শোধ করার ক্ষমতা আগাম যাচাই করে নেয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাপারে তারা নির্ভর করে ক্রেডিট ইনফরমেশন সংস্থাগুলির উপর। এদের মধ্যে অন্যতম প্রধান সংস্থা ট্রান্সইউনিয়ন সিবিল। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঋণ পরিশোধের ক্ষমতা কতটা, তা জানতে একটি সূচক ব্যবহার করে এই সংস্থাটি। তার নাম সিবিল স্কোর। যাঁর সিবিল সূচক যত উপরের দিকে, তাঁর ধার শোধের লক্ষণ তত ভালো। এই ট্রান্সইউনিয়ন সিবিল নিজেদের একটি রিপোর্টে দাবি করেছে, যাঁরা নিয়মিত সিবিল স্কোর যাচাই করেন, তাঁদের গড় স্কোর ৭২৮। আর্থিক প্রতিষ্ঠানগুলির মাপকাঠিতে এই সিবিল স্কোর ভালো বা বেশ ভালো। রিপোর্টটি দাবি করেছে, যাঁরা নিয়মিত সিবিল স্কোর যাচাই করেন, তাঁদের ৪৫ শতাংশ গত ছ’মাসে এই সূচক উপরের দিকে তুলে আনারত চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। সংস্থাটির দাবি, একসময় সাধারণ মানুষ ব্যক্তিগত ঋণ বা ক্রেডিট কার্ড কেনার আগে সিবিল স্কোরে নজর রাখতেন। সেইদিন এখন আর নেই। নিজেদের আর্থিক ‘হাইজিন’ বজায় রাখতে নয়া প্রজন্ম সর্বদা সিবিলের দিকে নজর রাখছে। যাঁরা সিবিল স্কোরে নজর রাখছেন, তাঁদের মধ্যে সিংহভাগই মেট্রো শহরগুলির বাইরে বসবাস করেন, বলছে রিপোর্টটি। সেই হার ৭৫ শতাংশ। একবছর আগের তুলনায় এই হার ২৮ শতাংশ বেড়েছে বলে দাবি করেছে সংস্থাটি। বড়ো শহরের বাইরের বাসিন্দাদের ক্রেডিট স্কোরও ভালো, এমনটাই দাবি করা হয়েছে। সেখানে ৭৩ শতাংশ মানুষের গড় স্কোর বা সূচক ৭৩১ বা তার উপরে।
ক্রেডিট স্কোরে নজর দেওয়ার ক্ষেত্রে মহিলাদের ভূমিকা বেশ ভালো বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এক্ষেত্রে পুরুষদের সংখ্যা বৃদ্ধির হার ২৫ শতাংশ। মহিলাদের ক্ষেত্রে গত একবছরে তা বেড়েছে ৩৮ শতাংশ হারে। ট্রান্সইউনিয়ন সিবিলের দাবি, ঋণ নেওয়ার আগে যাঁরা সিবিল স্কোর যাচাই করছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ ঝুঁকেছেন গোল্ড লোনে। গত তিনমাসে এই সংক্রান্ত খোঁজখবরের প্রবণতা বেড়েছে ২৫ শতাংশ।