


মুম্বই, ১৫ মে: ত্রিমূর্তির পর ফের একসঙ্গে একই সিনেমাতে কাজ করছেন অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও শাহরুখ খান। বলিউডের বাদশা শাহরুখ খানের আগামী সিনেমা ‘কিং’-এ দেখা যাবে এই তিন তারকাকে। আগামী ২০ মে থেকে শুরু হবে এই সিনেমার শ্যুটিং। সূত্রের খবর, ‘কিং’ শাহরুখের কেরিয়ারে অন্যতম সিনেমা হতে চলেছে। যাতে অ্যাকশন দৃশ্য থাকবে ভরপুর। বলিউড সূত্রে খবর, এই সিনেমাতে অনিল কাপুরকে দেখা যাবে কিং খানের মেন্টরের ভূমিকায় অভিনয় করতে। তবে জ্যাকি শ্রফ কোন ধরনের চরিত্রে অভিনয় করবেন তা জানা যায়নি।
‘ডাঙ্কি’-র পর আপাতত ‘কিং’ নিয়েই ব্যস্ত রয়েছেন শাহরুখ। এই সিনেমাটির পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ, অনিল ও জ্যাকি শ্রফ ছাড়াও ‘কিং’-এ অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাডুকোন, সুহানা খান, আরশাদ ওয়ারসি, অভিষেক বচ্চন ও অভয় ভর্মাকে। মোট ১০০ দিন ধরে হবে এই সিনেমার শ্যুটিং। ভারতের মধ্যে মুম্বইতে শ্যুটিংয়ের পর ইউরোপ উড়ে যাবে পুরো কাস্ট। সেখানেই হবে সিনেমার বাকি দৃশ্যের শ্যুটিং। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের দীপাবলি কিংবা বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখের ‘কিং’য়ের। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করবেন শচীন-জিগার ও ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবীচন্দ্রন।