


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আন্দামান সেলুলার জেলে বাঙালি বিপ্লবীদের প্রকৃত সম্মান প্রদান থেকে বাংলাকে কেন্দ্রের বকেয়া মেটানোর দাবি। বুধবার রাজ্যসভায় বিভিন্ন বিষয়ে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এদিন সংসদের উচ্চকক্ষের জিরো আওয়ারে জোড়াফুল শিবিরের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আন্দামান সেলুলার জেলের প্রকৃত নায়কদের প্রাপ্য সম্মান এবং মর্যাদা দেওয়ার ব্যবস্থা করুক কেন্দ্র। আলিপুর ষড়যন্ত্র মামলায় বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ, উল্লাসকর দত্ত এবং হেমচন্দ্র কানুনগোকে আন্দামানে পাঠিয়েছিল তৎকালীন ব্রিটিশ সরকার। সেখানকার জেলে ওই তিন বিপ্লবীর আবক্ষ মূর্তি বসানোর ব্যাপারে উদ্যোগ নিক কেন্দ্র সরকার। অন্যদিকে, বুধবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বাংলার বকেয়া ইস্যুর প্রসঙ্গ তোলেন। এদিন মৎস্যমন্ত্রকের কাছে একটি প্রশ্নের প্রসঙ্গক্রমে বাংলার বকেয়া ইস্যু নিয়ে সরব হন তিনি।