


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ করা হচ্ছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হুমায়ুনকে এই নির্দেশ পাঠানো হবে। বিধায়কদের জন্য তৈরি শৃঙ্খলারক্ষা কমিটি গোটা বিষয়টি খতিয়ে দেখছে। হুমায়ুনের বক্তব্যের ভিডিও ক্লিপিং সংগ্রহ করেছে কমিটি। উল্লেখ্য, একটি সম্প্রদায়কে নিয়ে অপ্রীতিকর বক্তব্য রাখার অভিযোগ ওঠে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে। ওই বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এমন কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। হুমায়ুনের বক্তব্য দল ভালো চোখে দেখেনি। তাই তাঁকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, আগামী ১৯ ও ২০ মার্চ বিধানসভা অধিবেশনে সব বিধায়ককে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করতে চলেছে তৃণমূল পরিষদীয় দল। ১৭ তারিখ এই নির্দেশ দেওয়া হবে। ১৯ তারিখ স্বাস্থ্য বাজেট ও ২০ তারিখ অর্থদপ্তর সংক্রান্ত বিল নিয়ে আলোচনা হবে বিধানসভায়।এদিকে বিতর্কিত মন্তব্যের জন্য সতর্ক করা হয়েছে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরীকে।