


ওয়াশিংটন: অভিবাসীরা আমেরিকানদের স্বপ্ন চুরি করছেন। সম্প্রতি এমনই মন্তব্য করে বসলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। বিষয়টি প্রকাশ্যে আসতেই ফের বিতর্ক দানা বেঁধেছে। ঘটনায় ভান্সকে পালটা জবাব দিতে ছাড়েননি আম জনতা। তাঁদের দাবি, আগে নিজের স্ত্রী উষা ও সন্তানদের ভারতে ফেরত পাঠান ভান্স। প্রসঙ্গত, চলতি বছরেই প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে মার্কিন সেকেন্ড লেডি হয়েছিলেন উষা।
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার অভিবাসীদের ‘চোর’ আখ্যা দিলেন তাঁরই ডেপুটি। সম্প্রতি অভিবাসন নিয়ে ভিডিয়ো পোস্ট করেন লুইসিয়ানার একটি নির্মাণ কোম্পানির মালিক। তিনি জানান, ‘কোনও অভিবাসী কাজে আসতে চাইছেন না। সত্যিই অসাধারণ। গত তিনমাসের তুলনায় শেষ সাতদিনে সবথেকে বেশি ফোন পেয়েছি।’ রবিবার সংশ্লিষ্ট পোস্টের উত্তর দেন ভান্স। এক্স হ্যান্ডলে লেখেন, ‘গণহারে অভিবাসনের ফলে আমেরিকানদের স্বপ্ন চুরি হয়ে যাচ্ছে। সবসময় এমনটাই হয়ে এসেছে। একাধিক গবেষণাপত্র, অর্থনৈতিক ব্যাখ্যা অবশ্য উলটো কথা বলছে। আসলে পুরনো ব্যবস্থায় অর্থবান ব্যক্তিরা টাকা দিয়ে সেসব তৈরি করিয়েছেন।’
মার্কিন ভাইস প্রেসিডেন্ট এহেন পোস্ট সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। একজন লেখেন, ‘দাঁড়ান। আপনার ভারতীয় স্ত্রীর পরিবারের সদস্যরা অভিবাসী নন?’ আর এক ব্যক্তির তোপ, ‘তার মানে আপনাকে স্ত্রী উষা, তাঁর ভারতীয় পরিবার ও সন্তানদের ভারতে পাঠাতে হবে। বিমানের টিকিট কবে কাটবে হবে জানাবেন। আপনাকে উদাহরণ হিসেবে সবার আগে থাকতে হবে।’ তৃতীয় ব্যক্তির খোঁচা, ‘আপনার স্ত্রী ও সন্তানরা মার্কিনদের স্বপ্ন চুরি করছেন।’
২০১৪ সালে উষাকে বিয়ে করেন ভান্স। দম্পতির তিন সন্তান । সম্প্রতি প্রকাশ্যে স্ত্রীর ধর্মান্তরণ চেয়ে বিতর্কে জড়িয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ভান্সের বক্তব্য প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছিল। এরইমধ্যে অভিবাসীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন রিপাবলিকান নেতা।