


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাম, ঠিকানা পরিবর্তন করে ভুয়ো ভারতীয় পাসপোর্ট বানিয়ে ভিয়েতনাম যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে ধরা পড়ে গেল বাংলাদেশের দুই নাগরিক। তিনদিনের মধ্যে কলকাতা বিমানবন্দরে এমন দু’টি ঘটনা ঘটল। জানা গিয়েছে, শনিবার রাতে কলকাতা বিমানবন্দর হয়ে ইন্ডিগোর বিমানে ভিয়েতনামে যাচ্ছিল দুই বাংলাদেশি যুবক। তাদের নাম বাবলা বড়ুয়া (৩৩) ও চয়ন বড়ুয়া (২৬)। দু’জনই বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। কিন্তু তাদের পাসপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেন কলকাতা বিমানবন্দরের অভিবাসন বিভাগের কর্তারা। ওই দু’জনকে আলাদাভাবে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিবাসন কর্তাদের কড়া প্রশ্নের মুখে আসল সত্য বেরিয়ে আসে। রাহুল গৌতম চৌধুরী এবং সুমন আদিত্য সাহা নামে ভারতীয় পাসপোর্ট বানিয়েছিল বাবলা ও চয়ন। পুনের বাসিন্দা হিসেবে ভুয়ো পরিচয় দিয়েছিল তারা। ভিয়েতনামে পর্যটন ব্যবসার সূত্রে যাচ্ছে বলে অভিবাসন বিভাগের কাছে দাবি করে তারা। পরে জানা যায়, ওই দু’জনের দেওয়া সব তথ্যই ভুল। জিজ্ঞাসাবাদের সময় তারা জানায়, জন্মসূত্রে তারা বাংলাদেশের নাগরিক। ২০১৭-’১৮ সালে হরিদাসপুর স্থলবন্দর দিয়ে পর্যটন ভিসায় ভারতে প্রবেশ করে। তারপর আর বাংলাদেশে ফেরত যায়নি। অভিবাসন বিভাগের কর্তারা ওই দু’জনকে পুলিসের হাতে তুলে দিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার এমনই একটি ঘটনা সামনে এসেছিল। জ্যাকি হালদার নামে এক বাংলাদেশি যুবক ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ধরা পড়েছিল। সে জয় হালদার নাম ব্যবহার করে ভুয়ো পাসপোর্ট বানিয়েছিল।