


নয়াদিল্লি: প্রায় একমাস হতে চলল। পশ্চিম এশিয়ায় এখনও যুদ্ধ জারি। আমেরিকা ও ইজরায়েলের হামলার পালটা জবাব দিয়ে চলেছে ইরানও। যুদ্ধের শুরুর দিকে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দিলেও পরে ‘বন্ধু’ ভারতের জন্য তা খুলে দিয়েছে তেহরান। এতে কিছুটা হলেও স্বস্তিতে নয়াদিল্লি। এরইমাঝে সুখবর মিলল। শনিবার হরমুজ সমুদ্রপথ পেরিয়ে ভারতের পথে রওনা দিয়েছে আরও দুটি এলপিজি ট্যাঙ্কার। এইমুহূর্তে ওমান উপসাগরের দিকে এগিয়ে চলেছে ট্যাঙ্কার বি ডব্লু ইএলএম ও বি ডব্লু টিওয়াইআর। গতিবেগ ঘণ্টায় প্রায় ২৭ কিলোমিটার। ওমান হয়েই দেশে প্রবেশ করবে। জানা গিয়েছে, ভারতের পতাকাবাহী ট্যাঙ্কার দু’টিতে ৯০ হাজার টনের বেশি এলপিজি রয়েছে।
শুক্রবার সকালে গুজরাতে নোঙর করেছে এলপিজি ট্যাঙ্কার জগ বসন্ত। তার আগে অভিমুখ বদলে মেঙ্গালুরুতে পৌঁছয় বেজিংগামী রুশ জাহাজও। এলপিজি নিয়ে আমেরিকা থেকে দেশে পৌঁছেছে আরও একটি পণ্যবাহী জাহাজ। এখানেই শেষ নয়। দিনকয়েক আগে হরমুজ পেরিয়ে গুজরাতে নোঙর করেছিল এলপিজি ট্যাঙ্কার নন্দাদেবী ও শিবালিক। জাহাজ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে পারস্য উপসাগরে আটকে থাকা খালি জাহাজে এলপিজি মজুতের কাজ চলছে। হরমুজ প্রণালীর পশ্চিম দিকে আরও এলপিজি নিয়ে দাঁড়িয়ে রয়েছে একাধিক জাহাজ।