


সংবাদদাতা, দার্জিলিং: দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে তুষার চিতাবাঘের সংখ্যা বাড়ল। শনিবার তোপকেদারা প্রজনন কেন্দ্রের নয়া অতিথি দু’টি তুষারচিতাকে প্রকাশ্যে আনে কর্তৃপক্ষ। ফলে এখানে তুষার চিতাবাঘের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। দার্জিলিং চিড়িয়াখানায় এই নতুন দুই অতিথি এখন তাদের মায়ের আশ্রয়ে। সন্তানদের নিজের উষ্ণ ছোঁয়ায় আগলে রেখেছে মা চিতাবাঘ। সাদা রংয়ের এই খুদেদের গায়ে কালো ছোপ। এদের এখনও লিঙ্গ নির্ধারণ করা হয়নি। গুটি গুটি পায়ে এদের হাঁটতে দেখে চিড়িয়াখানার কর্মীরাও দারুন খুশি। আপতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের। এ ব্যাপারে দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেয়াচি জানিয়েছেন, স্ত্রী রেয়ার এবং নামখা পুরুষ তুষারচিতার সন্তান এরা। মা এবং শাবক দুই সুস্থ আছে। এদের প্রজনন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দার্জিলিংয়ে এখন বরফের চিড়িয়াখানা গড়ে উঠেছে। তুষারচিতা, রেড পান্ডা দেখা যাবে এখানে। চিড়িয়াখানায় রয়েছে পরীক্ষাগারও। সেখানে বন্যপ্রাণীদের ডিএনএ সংরক্ষিত থাকবে। বনদপ্তর জানিয়েছে, দার্জিলিং চিড়িয়াখানায় এখন ১৩টি তুষার চিতাবাঘ রয়েছে। যার মধ্যে চারটি পুরুষ ও সাতটি স্ত্রী।