


নয়াদিল্লি: লালকেল্লা বিস্ফোরণে অভিযুক্ত আমির রসিদ আলিকে ১০ দিনের এনআইএ হেপাজতের নির্দেশ দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। লালকেল্লা বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি তার নামেই। অভিযোগ, আত্মঘাতী জঙ্গি ডাঃ উমরকে সেফ হাউস ও লজিস্টিক সাপোর্ট দিয়েছিল সে। মঙ্গলবার কড়া নিরাপত্তায় মুখ্য জেলা ও দায়রা বিচারক অঞ্জু বাজাজ চন্দনার এজলাসে পেশ করা হয় অভিযুক্তকে। এনআইএ-র রিমান্ড পেপারে উল্লেখ করা হয়েছে, গোটা ষড়যন্ত্রের পর্দাফাঁস করতে আলিকে জেরা করা প্রয়োজন।
এনআইএ রিমান্ড পেপারে আরও উল্লেখ করা হয়েছে, মানুষের মনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করবার জন্যই এই বিস্ফোরণের পরিকল্পনা করা হয়েছে। ঘটনার ভয়াবহতা উল্লেখ করে আরও বলা হয়েছে, দেশের ঐক্য ও সার্বভৌমত্বকে অস্থিতিশীল করতেই গোটা পরিকল্পা। আদালতের কাছে, তদন্তের স্বার্থে আলিকে নিয়ে কাশ্মীরে নিয়ে যাওয়ার আবেদনও করা হয়। এদিন আদালত চত্বরে মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যায় দিল্লি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স।