


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার কোনো প্রজেক্টে কাজ করবেন না টলিউডের কলাকুশলীরা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে নিজেদের নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত এই সংস্থার সব কাজ থেকে নিজেদের সরিয়ে নেবেন তাঁরা। ব্যান করা হয় লীনা পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থাকেও। এহেন ‘সর্বসম্মত’ সিদ্ধান্তের ২৪ ঘণ্টার মধ্যেই বিরোধিতার সুর শোনা গেল। বুধবার সোশ্যাল মিডিয়া একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা দম্পতি রাজা ও মধুবনী গোস্বামী । তাঁরা ওই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার ‘চিরসখা’ ধারাবাহিকে কাজ করতেন রাজা। দম্পতির প্রশ্ন, ‘চিরসখা’র সঙ্গে যুক্ত কলাকুশলীদের দোষ কোথায়? লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যুক্ত সমস্ত প্রজেক্ট ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত, তার বিরোধিতা করেছেন অভিনেতা ভিভান ঘোষও। তিনিও কাজ করতেন ‘চিরসখা’ ধারাবাহিকে।
পালটা পোস্ট করেছেন অভিনেতা জীতু কামাল। তাঁর প্রশ্ন, যখন সর্বসম্মতিতে সিদ্ধান্ত হল, তখন কেন তাঁরা সম্মতি দিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘তখন বিরোধিতা করলে সকলের প্রশ্নের মুখে পড়তে হত, সেজন্য কি বিরোধিতা করেননি!’ সূত্রের খবর, বুধবার টেকনিশিয়ান স্টুডিওতে ‘চিরসখা’র কলাকুশলীদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, রাজা গোস্বামী, ভিভান ঘোষ সহ আরও অনেকে। এদিন মিটিং থেকে বেরিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানান রাজা ও ভিভান। তাঁরা বলেন, ‘ধারাবাহিক বন্ধ হবে না চলবে আর্টিস্ট ফোরাম ও ফেডারেশন ঠিক করবে। আমাদের উদ্দেশ্য ছিল টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলিয়ে দেওয়া। আশা করি শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।’ অন্যদিকে ‘কনে দেখা আলো’র সেটেও কলাকুশলীদের নিয়ে বৈঠক হয় বলে খবর।
এদিকে, রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে সংস্থার দুই কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে তালসারি থানা। এছাড়াও সমন পাঠানো হয়েছে প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত আরও তিনজনকে। এদিন তালসারি থানার তরফে রাহুলের ভিসেরা স্যাম্পল সংগ্রহ করা হয়। শীঘ্রই তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে খবর।
এই আবহে মঙ্গলবার কর্মবিরতি পালন করে টলিউড। তবে বুধবার ছন্দে ফিরেছে টলিপাড়া। বিভিন্ন ধারাবাহিকের শ্যুটিং হয়েছে এদিন। যদিও এই পরিস্থিতিতে শ্যুটিং করতে নারাজ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ৯ এপ্রিল মহাজাতি সদনে ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় ‘অভিমান’ ছবিটির শ্যুটিং করার কথা ছিল প্রসেনজিতের। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রসেনজিৎ শ্যুটিং করবেন না।