


নয়াদিল্লি: দিল্লির উত্তম নগরে খুনের ঘটনায় ইতিমধ্যে ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরইমধ্যে রবিবার এক অভিযুক্তের বাড়ির বেআইনি অংশ ভেঙে গুঁড়িয়ে দিল দিল্লি পুরসভা। অভিযান চলাকালীন গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়। পুলিশের পাশাপাশি উপস্থিত ছিল আধাসামরিক বাহিনী। পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, নর্দমার উপরে থাকা বেআইনি নির্মাণ ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসাবে এই অভিযান। এক শীর্ষ আধিকারিক বলেন, ‘সামনেই বর্ষাকাল। তাই নর্দমার উপর থাকা বৈআইনি নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে। না হলে জল যেতে পারবে না। বাড়ির এই অংশটি নর্দমার উপর নির্মাণ করা হয়েছিল।’ পুলিশ জানিয়েছে, নজরদারি চালানোর জন্য বিভিন্ন অঞ্চলকে জোন, সেক্টর ও সাব সেক্টরে ভাগ করা হয়েছে। পুলিশের এক পদস্থ অফিসার বলেন, ‘জোনের দায়িত্বে রয়েছেন দ্বারকার ডিসিপি। সেক্টর সামলাচ্ছেন এসিপিরা। অন্যদিকে সাব সেক্টরের নেতৃত্বে রয়েছেন এসএইচও সহ পদস্থ অফিসাররা। একইসঙ্গে পার্শ্ববর্তী জেলা থেকে সিআরপিএফ, র্যাফ ও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।’ ৪ মার্চ উত্তম নগরের জেজে কলোনিতে দোল খেলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, রং খেলার সময়ে জল ভরতি বেলুন পাশের বাড়ির এক মহিলার গায়ে গিয়ে পড়ে। এই নিয়ে দু’পক্ষের মধ্যে গোলমাল শুরু হয়। তখনই তরুণ নামে এক যুবককে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। খবর প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। শুক্রবার কলোনির একাধিক গাড়ি ভাঙচুর করে জনতা। কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পুলিশ।