


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাংক নোট, পাসপোর্টের মতো আল্ট্রাভায়োলেট থ্রেড (ইউভি) এবার থাকবে উচ্চ মাধ্যমিকের মার্কশিটেও। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেই ব্যবস্থা কার্যকর করতে চলেছে সংসদ। মার্কশিট জালিয়াতি রুখতেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন সংসদের এক কর্তা। প্রসঙ্গত, গত এক বছর ধরেই এ নিয়ে পরিকল্পনা নিয়েছিল সংসদ। এবার তা প্রয়োগের পালা।
ইউভি থ্রেড হল এক ধরনের বিশেষ সূতাকৃতি জিনিস যা দিয়ে কোনও সংকেত, শব্দ বা সংখ্যা লেখা থাকে। ধাতু ছাড়াও অন্যান্য উপাদানে তৈরি হতে পারে সেই থ্রেড। অতিবেগুনী রশ্মিতে ফেললে সেই থ্রেডের লেখা বা সঙ্কেত ফুটে ওঠে। তা থেকে বোঝা যায় সেই নথি বা নোট আসল না জাল। প্রসঙ্গত, বছর দু’য়েক আগে একটি নামী কলেজে উচ্চ মাধ্যমিকের জাল মার্কশিট নিয়ে এক পড়ুয়া ভর্তি হয়েছিলেন। পরবর্তীকালে যাচাইয়ের সময় তা ধরা পড়ে। তারপর থেকেই মার্কশিটের নিরাপত্তা আঁটসাঁট করার প্রক্রিয়া শুরু হয়। তারই ফলশ্রুতি এই থ্রেড। তবে, শুধু থ্রেডই নয়, বিশেষ কোডও রাখা হবে তাতে। প্রশ্নপত্র এবং অ্যাডমিট কার্ডের সুরক্ষাতেও কিউআর কোড, ইউনিক সিরিয়াল নম্বরের মতো আধুনিক ব্যবস্থা চালু করেছে সংসদ। এর সঙ্গে যুক্ত হল ইউভি থ্রেড।