


নয়াদিল্লি: দিব্যি বেঁচে আছেন। সুস্থ স্বাভাবিক অবস্থায় কফিও খাচ্ছেন। নিজের বেঁচে থাকার প্রমাণ হিসাবে এমনই এক ভিডিয়ো পোস্ট করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে সেই ভিডিয়োটি ভুয়ো। এক্স-এর এআই চ্যাটবট গ্রক ফ্যাক্ট-চেক করে জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেই নতুন এই ভিডিয়োটি বানানো হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। সেদিন থেকে নেতানিয়াহুকে আর প্রকাশ্যে দেখা যায়নি। আর তাতেই জল্পনা তৈরি হয়, নেতানিয়াহু সম্ভবত মৃত। কিন্তু গত ১২ মার্চ ইজরায়েলের প্রধানমন্ত্রীর একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে হত্যার হুঁশিয়ারি দিচ্ছেন নেতানিয়াহু। বিষয়টা নিয়ে শোরগোল শুরু হতেই এক্স-এর এআই চ্যাটবট গ্রক ফ্যাক্ট চেক করে জানায়, ভিডিয়োটি ভুয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। এই আবহে নেতানিয়াহুর কফি খাওয়ার একটি নতুন একটি ভিডিয়ো সামনে আসে। তাতে দেখা যায়, ইরান সম্পর্কে মন্তব্য করছেন তিনি। তবে সেটিও যে ভুয়ো, তা স্পষ্ট জানিয়েছে গ্রক। নেতানিয়াহুর পক্ষে এইভাবে প্রকাশ্যে ইরান বা দুই দেশের মধ্যে চলমান অস্থিরতা সম্পর্কে রাজনৈতিক মন্তব্য করা সম্ভব নয় বলেই দাবি গ্রকের। তবে নেতানিয়াহু যে কফি খেতে গিয়েছিলেন, তার একটি ছবি প্রকাশ করেছে জেরুজালেমের ‘দ্য সাটাফ’ ক্যাফে। বিশেষজ্ঞদের অনুমান, সেই ছবি ব্যবহার করেই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভিডিয়োটি তৈরি করা হয়েছে। অন্যদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আবারও স্পষ্ট করেছে, নেতানিয়াহুর মৃত্যু নিয়ে সমস্ত খবর ভুয়ো। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।