


বাস্তবে তাঁরা আদৌ প্রেম করছেন কি না, তা নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে চর্চার অন্ত নেই। তবে পর্দায় তাঁরা ফের জুটি বাঁধছেন, এই খবর একপ্রকার নিশ্চিত। তাঁরা অর্থাৎ অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। শীঘ্রই এই জনপ্রিয় জুটির পরের ছবির ঘোষণা হতে পারে বলে খবর। আপাতত রাহুল সংকৃত্যন পরিচালিত ছবির নাম রাখা হয়েছে ‘ভিডি ১৪’। ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’-এর মতো ছবিতে বিজয় ও রশ্মিকার রসায়ন দেখেছিলেন দর্শক। পাশাপাশি তাঁদের প্রেমের গুঞ্জনও চলছে দীর্ঘদিন ধরে। গত বছর তাঁদের বিয়ের জল্পনাও ছিল। তা না হলেও, গত এপ্রিলে রশ্মিকার জন্মদিন ধুমধাম করে পালন করেন বিজয়। এই আবহে শোনা যাচ্ছে, আগামী ৯ মে ছবির ঘোষণা হতে পারে। সেদিন বিজয়ের জন্মদিন। তাই ছবিটি ঘোষণার জন্য এই বিশেষ দিনকেই বেছে নিতে চাইছেন নির্মাতারা।