


রাঁচি: ধোনি-বিরাট রিইউনিয়ন! বৃহস্পতিবার মহেন্দ্র সিং ধোনির বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন বিরাট কোহলি। সম্প্রচারকারী সংস্থা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, ধোনির বাড়িতে ঢোকার সময় গাড়ি থেকেই সেখানে উপস্থিত সমর্থকদের অভিবাদন জানাচ্ছেন ভিকে। পরে এক অনুরাগীর ভিডিও পোস্টে আবার দেখা যায়, নৈশভোজের পর নিজে গাড়ি চালিয়ে কোহলিকে হোটেলে ছাড়তে যাচ্ছেন ধোনি। নিমেষে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ধোনি-বিরাটের বন্ধুত্ব ক্রিকেটপ্রেমীদের অজানা নয়। ধোনির ক্যাপ্টেন্সিতে দীর্ঘদিন খেলেছেন কোহলি। পরে ধোনি নেতৃত্ব ছাড়লে ব্যাটন ধরেন বিরাট। তাঁদের বন্ধুত্ব এখনও অটুট। বৃহস্পতিবারের রিইউনিয়নই তার প্রমাণ। জানা গিয়েছে, কোহলি ছাড়াও এদিন ধোনির বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন ঋষভ পন্থ ও ঋতুরাজ গায়কোয়াড়। উল্লেখ্য, রবিবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে নামছে টিম ইন্ডিয়া।