


নয়াদিল্লি: ভিসার আবেদনের সঙ্গে এবার জানাতে হবে গত পাঁচ বছরে ব্যবহার করা সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডল বা অ্যাকাউন্টের ইউজার নেমও। বৃহস্পতিবার এমনই জানাল ভারতের মার্কিন দূতাবাস। আরও বলা হয়েছে, যদি কোনও আবেদনকারী এই সংক্রান্ত তথ্য না জানান, সেক্ষেত্রে তাঁদের ভিসার আবেদন বাতিল হতে পারে। এমনকী ভবিষ্যতেও আর ভিসা নাও মিলতে পারে। এক্স হ্যান্ডলে মার্কিন দূতাবাসের তরফে জানানো হয়েছে, ‘ভিসার জন্য ডিএস-১৬০ ফর্ম পূরণের সময় আবেদনকারীকে গত পাঁচ বছরে ব্যবহার করা সমস্ত সোশ্যাল মিডিয়া ইউজার নেম বা হ্যান্ডেলের ইউজার নেম জানাতে হবে। এই সমস্ত তথ্য যে সঠিক ও সত্যি, তা নিশ্চিত করে আবেদনপত্রে সই করে জমাও দিতে হবে তাঁকে। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত তথ্য গোপন করলে ভিসার আবেদন নাকচ হতে পারে। এমনকী ভবিষ্যতে আর ভিসা নাও মিলতে পারে।’ উল্লেখ্য, গত কয়েক আগেই মাস ধরেই মার্কিন ভিসা নিয়ে টানাপোড়েন চলছে। ইতিমধ্যে ভারতের মার্কিন দূতাবাসের তরফে জানানো হয়েছে, স্টুডেন্ট ভিসা ও এক্সচেঞ্জ ভিজিটর ভিসায় আমেরিকায় যাঁরা আসতে চান, তাঁদের সমাজমাধ্যমের উপর কড়া নজর রাখা হবে। কোনও রকম বিতর্কিত পোস্ট বা মন্তব্য দেখা গেলেই আর ভিসা মিলবে না। আমেরিকার জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কারা বিপজ্জনক বা
কাদের এদেশে প্রবেশের অধিকার নেই, তাও চিহ্নিত করার জন্যই এই পদক্ষেপ বলেও জানানো হয়েছিল। আর সেই কারণে যাঁরা এফ এবং এম ক্যাটিগরি (স্টুডেন্ট ভিসা) ও জে ক্যাটিগরিতে (এক্সচেঞ্জ ভিজিটর) ভিসার আবেদন করবেন, তাঁদের প্রত্যেককে নিজেদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ‘পাবলিক’ করে রাখতে হবে।