


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলের বেশিরভাগ দল কম করে ১১টি ম্যাচ খেলে ফেলেছে। এই মুহূর্তে লিগ টেবিলের প্রথম স্থানে থাকা ইস্ট বেঙ্গলের সংগ্রহ ১০ ম্যাচে ২১ পয়েন্ট। কিন্তু মোহন বাগান খেলেছে ৯টি ম্যাচ। ১৯ এপ্রিল শেষবার মাঠে নেমেছিল সের্গিও লোবেরা ব্রিগেড। সেদিন অ্যাওয়ে ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে ১-০ গোলে বশ মানায় তারা। তারপর লিগ টেবিলে ব্যাপক রদবদল হয়েছে। পয়েন্ট খুইয়ে এফসি গোয়া ও মুম্বই সিটি আপাতত চতুর্থ ও পঞ্চম স্থানে। ফলে সুবিধা হয়েছে মোহন বাগানের। এবার প্রশ্ন, তা কতটা কাজে লাগতে পারবেন জেমি ম্যাকলারেনরা। শনিবার গোয়াকে হারাতে পারলে ১০ ম্যাচে ২২ পয়েন্ট হবে তাদের। সেক্ষেত্রে ফের শীর্ষে উঠে আসবে সবুজ-মেরুন ব্রিগেড।
গত মরশুমে এক ম্যাচ আগেই লিগ-শিল্ড খেতাব নিশ্চিত করেছিল মোহন বাগান। কিন্তু এবার লিগের ফরম্যাট বদলেছে। ১৩ ম্যাচের ছোটো লড়াই। ফলে সাপলুডোর প্যাঁচে আটকে তৃতীয় স্থানে ঝুলছে তারা। তবে এখনও খেতাব জয়ের প্রবল আশা রয়েছে। গোয়া ম্যাচের আগে সেটাই বাড়তি মোটিভেশন দিচ্ছে ড্রেসিং-রুমে। বুধবার সাংবাদিক সম্মেলনে সেই কথা জানিয়ে দিলেন অজি স্ট্রাইকার জেসন কামিংস। তাঁর মন্তব্য, ‘ছোটো লিগে লড়াই কঠিন। যে কোনো দল পয়েন্ট নষ্ট করতে পারে। ফলে টেবিল বদলাতে থাকে। তাই গতবারের কথা ভেবে লাভ নেই। আমাদের সামনে সুযোগ রয়েছে। বাকি সব ম্যাচ ফাইনাল ভেবে মাঠে নামব।’ এই আত্মবিশ্বাসের উৎস কী? কামিংসের উত্তর, ‘ড্রেসিং-রুমের ইতিবাচক পরিবেশ। গত তিন মরশুম ধারাবাহিক সাফল্য পেয়েছে মোহন বাগান। কারণ ফুটবলারদের মধ্যে বন্ডিং খুব ভালো।’
এদিন অপুইয়া ও আলবার্তোকে নিয়ে ধোঁয়াশা কাটালেন কোচ লোবেরা। সাফ জানিয়ে দিলেন, দুই ফুটবলারই ফিট। দলের সঙ্গে গোয়া যাচ্ছেন তাঁরা। তবে মিজো মিডিও ৯০ মিনিট খেলার জায়গায় আছেন কি না, বাকি দু’দিনে পরখ করে নিতে চান স্প্যানিশ কোচ। এদিন যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে দেড় ঘণ্টা প্রস্তুতি সারল মোহন বাগান। দৌড়, ফিটনেসের পর প্রায় এক ঘণ্টা ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করানো হল। সেখানে দলের সঙ্গে সারাক্ষণ গা ঘামাতে দেখা গেল আপুইয়াকে। তাঁর সঙ্গে কথা বলে নিলেন স্প্যানিশ কোচ। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে কলকাতায় অনুশীলন করে দুপুর গোয়ার বিমানে উঠবেন দিমিত্রি-লিস্টনরা।