


শান্তনু দত্ত, কলকাতা: মিমি নাকি শুভশ্রী? কার পাল্লা ভারী এবারের পুজোয়? সেই হিসেবই বলে দেবে কোন পুজো কমিটির পকেটের কত জোর? কোন তারকা পুজোর উদ্বোধন করছেন, তার উপর নির্ভর করছে পাড়ার প্রেস্টিজ। থিম, প্রতিমা, মণ্ডপসজ্জা, আলো ইত্যাদি তো আছেই তার সঙ্গে দুর্গাপুজোর ওজন মাপার লড়াইয়ের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে তারকার উপস্থিতি। ফলে অন্য সবকিছুর পাশাপাশি জায়গা করেছে এই ফ্যাক্টরটিও। উদ্বোধনে কোন তারকাকে আনা হবে? ছোটপর্দা এবং বড়পর্দার সেলিব্রিটিদের নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলে পুজো কমিটিগুলির মধ্যে। দু-তিন মাস আগে থেকে শুরু যায় আমন্ত্রণ জানানোর লড়াই। ‘আপনার একটি ডেট চাই-ই চাই।’ ‘কথা দিলেন কিন্তু, আসতে হবেই।’ ইত্যাদি কথা দিয়ে শুরু হয় আর্টিস্ট বুকিং। তারপর আসে দর কষাকষির পালা। উদ্বোধনের তারিখ নিয়ে টালবাহানা। তারপর লক্ষ কথার পর সব ফাইনাল হয়। পুজোর আগে আসে সে মাহেন্দ্রক্ষণ। পাড়া ভেঙে পড়ে পর্দার প্রিয় তারকাকে কাছ থেকে দেখবে বলে। ‘একটু হাত মেলাবো, একটা মাত্র অটোগ্রাফ প্লিজ’-পাড়ার মাসিমা-পিসিমা-ভাই-বোনের লাগাতার অনুরোধ। আর কলার উঁচু পুজো উদ্যোক্তাদের।
প্রতি বছরই বড়পর্দার তারকাদের চাহিদা তুলনায় বেশি থাকে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কোয়েল মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো তারকারা পুজো উদ্বোধনে আসেন। পাড়ার মন জয় করে ফেরেন। এ বছর পুজোর সময় শ্রাবন্তী, মিমির ছবি মুক্তি পাচ্ছে। প্রচারের ব্যস্ততা আছে তাঁদের। তার মাঝেই পুজোর উদ্বোধন বা নানা অনুষ্ঠানে আসতে হবে। শ্রাবন্তীর টিমের এক সদস্য জানালেন, পুজোর সময় কলকাতার বাইরে যাওয়ার পরিকল্পনা আপাতত নায়িকার নেই। শহরের কয়েকটি পুজো মণ্ডপে তিনি যাবেন। উদ্বোধনের জন্য অভিনেত্রীর সাম্মানিক স্পষ্ট করলেন না। তবে ঠারেঠোরে বোঝালেন, দু’লক্ষের কাছাকাছি ঘোরাঘুরি করে টাকার অঙ্ক। শোনা যাচ্ছে, মিমি নাকি সপ্তমীর দিন দিল্লি যেতে পারেন দুর্গাপুজোরই একটি অনুষ্ঠানে। আর অভিনেত্রী নুসরত জাহানও নাকি রাজধানীতেই যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন। এ বছর চর্চায় আছেন অভিনেত্রী ইধিকা পাল। পুজোর সময় তাঁরও একটি ছবি মুক্তি পাচ্ছে বড়পর্দায়। তার আগে রাজ্যজুড়ে প্রচার করবেন। সূত্রের খবর, মেদিনীপুরের একটি পুজো উদ্বোধনে নাকি যেতে পারেন ইধিকা। তাঁর সাম্মানিকও নাকি এক লক্ষের কাছাকাছি।
শহরতলি, গ্রামে ছোটপর্দার তারকাদের নিয়েও উন্মাদনা আকাশছোঁয়া। শহরের বিভিন্ন পুজোতেও তাঁদের উপস্থিতি। সম্প্রতি শুরু হয়েছে অভিনেত্রী রাজনন্দিনী পালের প্রথম ধারাবাহিক। সূত্রের খবর, এ বছর বাগুইআটির একটি মণ্ডপ উদ্বোধনে যেতে পারেন তিনি। তাঁর সাম্মানিক ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকার মতো। দিতিপ্রিয়া রায়, অঙ্কিতা মল্লিক, সুস্মিতা দে, সাহেব ভট্টাচার্যের মতো অভিনেতাদেরও চাহিদা রয়েছে। দিতিপ্রিয়া উদ্বোধন করতে নিচ্ছেন এক লক্ষ। মুম্বইয়ের তারকারা আসবেন না উদ্বোধনে? দীর্ঘদিনের ইভেন্ট ম্যানেজার তোচন ঘোষ বলেন, ‘বলিউডের তারকাদের আনতে গেলে অনেক খরচ হয়। তাই মুম্বই থেকে কাউকে আনার ক্ষেত্রে তেমন উৎসাহ এবার দেখা যাচ্ছে না। তাও কোনও পুজো কমিটি হয়তো বম্বের শিল্পী আনতে পারে।’ সূত্র মারফত জানা গিয়েছে, বলিউডের এক হিরোইন গতবছর ৩০ লক্ষ টাকা নিয়েছিলেন পুজোয় অনুষ্ঠান করতে এসে। সিনেমা, সিরিয়ালের অভিনেতারা ছাড়াও এবার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখদের ভিড় দেখা যেতে পারে পুজোর উদ্বোধনে। বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সার পুজোর নানা উদ্বোধনে ডাক পেয়েছেন বলে জানা গিয়েছে।