


সিডনি, ১৩ মে: ভারতকে হারিয়ে ২০২৩ সালে টেস্ট চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এবার ফের একবার চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অজিরা। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছেন প্যাট কামিন্সরা। তাঁদের বিপক্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী ১১ জুন লর্ডসের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবেন অজিরা। আজ, মঙ্গলবার সেই ম্যাচের জন্যই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
অধিনায়ক থাকছেন প্যাট কামিন্সই, এছাড়াও দলে রয়েছেন জস ইংলিশ, অ্যালেক্স ক্যারি, উসমান খোয়াজা, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, স্যাম কনস্টাস, ম্যাট কুনহেমান, মার্নাস লাবুশানে, ক্যামেরন গ্রিন, বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, ন্যাথান লিঁও, জস হেজেলউড ও স্কট বোলান্ড। এছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে ব্রেন্ডান ডোজেটের নাম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অজিরা নিজেদের জায়গা ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার। অপরদিকে দক্ষিণ আফ্রিকার সামনে আইসিসির প্রথম কোনও ট্রফি জেতার সুযোগ রয়েছে। সেটা কাজে লাগাতে পারেন কিনা বাভুমারা, সেই দিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব। টেস্ট ক্রিকেটের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাঁদের সংগ্রহ ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাঁদের পয়েন্ট ৬৭.৫৪ শতাংশ।