


নয়াদিল্লি: শুক্রবার সকাল সাড়ে ছ’টা। সংসদ ভবনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়লেন এক যুবক। ঘটনাটি নজরে আসতেই তড়িঘড়ি তাঁকে আটক করে নিরাপত্তারক্ষীরা। অনুপ্রবেশকারীর নাম রামা (২০)। বাড়ি উত্তরপ্রদেশ। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি পুলিসকেও খবর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। এর আগে ২০২৩ সালের ১৩ ডিসেম্বর রং বোমা নিয়ে সংসদের গ্যালারিতে ঢুকে পড়েছিলেন দু’জন। এদিন ফের অনুপ্রবেশের ঘটনায় সংসদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, এদিন সকালে গাছ বেয়ে সংসদের পাঁচিলে উঠে পড়েন ওই যুবক। এরপর রেল ভবনের দিকে থাকা সংসদের ২০ মিটার উঁচু পাঁচিল পেরিয়ে সোজা ভবনের গরুড় দ্বারের কাছে পৌঁছে যান তিনি। নিরাপত্তা রক্ষীদের নজরে পড়তেই ওই যুবককে ধরে ফেলেন তাঁরা। জেরা করে জানা গিয়েছে, অনুপ্রবেশকারী যুবক মানসিক ভারসাম্যহীন।
উত্তরপ্রদেশের ওই বাসিন্দা বর্তমানে গুজরাতের এক দোকানে কাজ করেন। এদিন তিনি বাড়ি ফিরছিলেন। সেই সূত্রেই দিল্লিতে পৌঁছন। এরপর স্টেশনে গেলেও ট্রেনে ওঠেননি। স্টেশন থেকে বেরিয়ে আচমকা সংসদ ভবনে ঢুকে পড়েন।