


নয়াদিল্লি: সংগীতশিল্পী জুবিন গর্গের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেল ভারত। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, স্কুবা ডাইভিং নয়, সাঁতার কাটতে গিয়েই মৃত্যু হয়েছে জুবিনের। গায়কের ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে সিঙ্গাপুর পুলিশ একটি প্রাথমিক অনুসন্ধান রিপোর্টও তৈরি করেছে। সেটিও ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। জুবিনের স্ত্রী গরিমার সঙ্গেও কথা বলেছে সিঙ্গাপুর পুলিশের আধিকারিকরা। এদিকে, এই ঘটনায় ইভেন্ট অর্গানাইজার শ্যামকানু মহন্ত সহ চারজনকে গ্রেফতার করেছিল অসম পুলিশ। এই মামলা পুলিশের কাছ থেকে স্থানান্তরের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শ্যামকানু। ইভেন্টের অর্গানাইজার শ্যামকানুর অভিযোগ, তাঁর বিরুদ্ধে মিথ্যা গল্প ছড়ানো হচ্ছে। অপরাধী ধরার জন্য একটি ছক কষে রাখা রয়েছে। তাঁকে সেই ছকেই ফাঁসানো হচ্ছে।