


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহে প্রাচী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহিমা ডি’কস্টা (৫৪)। ট্যাংরার গোবিন্দ খটিক রোডের বাসিন্দা তিনি। শনিবার সকাল পৌনে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে এজেসি বোস রোডের উপর। বাবুঘাট থেকে শ্যামবাজারগামী একটি বেসরকারি বাস দ্রুতগতিতে যাচ্ছিল। সে সময়েই রাস্তা পার হচ্ছিলেন প্রৌঢ়া। তাঁকে ধাক্কা দেয় বাসটি। ঘটনাস্থল থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে এন আর এস হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে মহিলাকে মৃত বলে ঘোষণা করা হয়। বাস চালককে গ্রেপ্তার করেছে মুচিপাড়া থানা। আটক বাস। অন্যদিকে এদিন সকালে ঠাকুরপুকুরে বাসের ধাক্কায় গুরুতর জখম হন এক ই-স্কুটার আরোহী। পুলিশ জানিয়েছে, তাঁর নাম অঞ্জলি সর্দার (৫৮)। ঠাকুরপুকুরের মুকুন্দদাস পল্লির বাসিন্দা তিনি। এদিন সকালে ডায়মন্ড হারবার রোডের সখেরবাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় প্রৌঢ়াকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের রেড জোনে ভর্তি করা হয়েছে। বাস চালককে আটক করেছে
ঠাকুরপুকুর থানা।