


রিও ডি জেনেইরো: ২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছিল আর্জেন্তিনা। এবার সেই পথের পথিক হল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। মঙ্গলবার বাছাই পর্বে ঘরের মাঠে প্যারাগুয়েকে ১-০ গোলে হারাল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই সুবাদে দু’টি ম্যাচ বাকি থাকতেই মূলপর্বের টিকিট নিশ্চিত করল সেলেকাওরা। উল্লেখ্য, কোচ কার্লো আনসেলোত্তির প্রশিক্ষণে এটাই ছিল ব্রাজিলের প্রথম জয়। অভিষেক ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল অভিজ্ঞ ইতালিয়ান কোচকে। তবে মঙ্গলবার প্যারাগুয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জাল কাঁপিয়ে গুরুকে জয় উপহার দিলেন ভিনিসিয়াস জুনিয়র। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে তৃতীয় স্থানে উঠে এল ব্রাজিল। সমসংখ্যক ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সবার আগে লিও মেসিরা। প্যারাগুয়ের বিরুদ্ধে জিতলেও, ব্রাজিলের পারফরম্যান্সে কাঙ্ক্ষিত ছন্দ ছিল না। কোচ আনসেলোত্তি অবশ্য ছেলেদের লড়াইয়ে খুশি। একইসঙ্গে তিনি জানান, নেইমার যোগ দিলে দলের খেলায় আরও পরিবর্তন ঘটবে।
দিনের অপর ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল আর্জেন্তিনা। ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও শেষলগ্নের গোলে হার বাঁচান লিও মেসিরা। ম্যাচের ২৪ মিনিটে প্রতিপক্ষের দুই ফুটবলার কাটিয়ে দুরন্ত গোলে কলম্বিয়াকে এগিয়ে দেন লুইস ডিয়াজ (১-০)। এরপর ম্যাচে ফেরার বেশ কিছু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ মেসিরা। ৭০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্ডেজ। ১০ জনে হয়ে পড়ে আর্জেন্তিনা। তবে আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতায় পিছিয়ে থেকেও এক পয়েন্ট ছিনিয়ে নেয় লায়োনেল স্কালোনি-ব্রিগেড। ৮১ মিনিটে বক্সের মধ্যে থেকে মাটি ঘেঁষা শটে জাল কাঁপান সুপার সাব থিয়াগো আলমাদা (১-১)।
ব্রাজিল- ১ : প্যারাগুয়ে- ০
আর্জেন্তিনা- ১ : কলম্বিয়া- ১