


সাগর (মধ্যপ্রদেশ): মদ্যপান করে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন একের পর বাসিন্দা। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। রবিবার পর্যন্ত মধ্যপ্রদেশের সাগর জেলার বান্দা ব্লকে এই বিষমদ কাণ্ডে মৃত্যু হয়েছে ১০ জনের। যদিও মৃতের সংখ্যা ১১ জন বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক। সম্প্রতি গুজরাতের ভাবনগর জেলায় বিষমদে মৃত্যু হয়েছিল ১৩ জনের। এরপর ফের ডবল ইঞ্জিন রাজ্যে বিষমদের থাবা। মধ্যপ্রদেশে শনিবার রাত থেকে গ্রামবাসীদের অসুস্থ হওয়ার খবর আসে। এরপর তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। তবে কংগ্রেস বিচার বিভাগীয় তদন্তের দাবিতে অনড়।
ঘটনার পর এলাকায় আবগারি দপ্তরের অফিসাররা হানা দিয়ে প্রচুর বেআইনি মদ বাজেয়াপ্ত করেছেন। পুলিশ জানতে পেরেছে, প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশ থেকে ওই মদ পাচার করা হয়েছিল। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনার ঠিক দিন পাঁচেক আগে স্থানীয় এক ঠিকাদার ‘বম্বে হুইস্কি’ নামে এক ভেজাল মদ নিয়ে আবগারি দপ্তরে অভিযোগ জানান। তারপরও প্রশাসনের তরফে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সেই প্রশ্ন উঠছে।