


নিজস্ব প্রতিনিধি, সাঁকতোড়িয়া: খনি অঞ্চলে ফের খাদান বন্ধের আতঙ্ক। এবার নতুন করে আরও ১১টি চালু ইসিএলের খাদান বন্ধ হওয়ার কথা জানিয়েছেন ইসিএলের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর সতীশ ঝাঁ। বৃহস্পতিবার বিকালে ইসিএলের সাঁকতোড়িয়া হেড অফিসে একটি সাংবাদিক সম্মেলন করে। সেখানে নানা বিষয়ে আলোচনা করার পাশাপাশি তিনি খাদান বন্ধ করার বিষয়টিও তুলে ধরেন। খাদান বন্ধের অজুহাত হিসাবে ক্ষতির অজুহাত দেখিয়েছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে ইসিএলের ৭৭টি চালু খাদান রয়েছে। তারমধ্যে ৫৭টি খাদানে ইসিএলের আর্থিক ক্ষতি হয়। অর্থাৎ যে পরিমাণ কয়লা উত্তোলন হয় তার থেকে খনি চালাতে বেশি খরচ হয়। এরপরই তিনি বলেন, এর মধ্যে ১১টি খাদান স্ট্যাটেজিকভাবে ক্লোজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কতদিনের মধ্যে খাদানগুলি বন্ধ করা হবে? এই প্রশ্নের উত্তরে ইসিএলের শীর্ষ আধিকারিক বলেন, এক থেকে দু’বছরের মধ্যে তা বন্ধ করে দেওয়া হবে।
কেন্দ্রের বিজেপি সরকার আসার পরই দফায় দফায় ইসিএল খাদান বন্ধ করেছে বলে বিভিন্ন শ্রমিক সংগঠন দাবি করেছে। তাঁরা এনিয়ে লাগাতার আন্দোলনও করছে। তাঁদের আন্দোলনকে কার্যত উপেক্ষা করেই আরও ১১টি খাদান বন্ধের পথে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা ইসিএল।
এতেই শুধু শ্রমিকরা নন, আতঙ্কিত ব্যবসায়ীরও। যে এলাকার খাদান গুলি বন্ধ হবে সেখানে খনিকে কেন্দ্র করে যে বাজার গড়ে উঠেছে। খাদান বন্ধ হয়ে গেলে অনেক ব্যবসায়ীর রুজিরুটি হারানোর আশঙ্কা রয়েছে।