


সংবাদদাতা, লালবাগ: রাজ্যে মোট ১১টি পলিটেকনিক কলেজ গড়ে উঠতে চলেছে। তার মধ্যে মুর্শিদাবাদ বিধানসভায় একটি তৈরি হবে। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ লোকসভা সাংগঠনিক কার্যালয়ে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী গৌরীশংকর ঘোষ। লালবাগ মহকুমা হাসপাতালের উলটো দিকে একটি ইনডোর স্টেডিয়াম হবে বলে মন্ত্রী দাবি করেন। তিনি বলেন, তৃণমূল শাসনের ১৫ বছরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যকেন্দ্র গড়ে ওঠেনি। বরং বন্ধ করে দিয়েছে। খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তর থেকে পলিটেকনিক কলেজ গড়ে তোলার বিষয়ে ঘোষণা করা হবে। জমি নির্ধারণ হবে। বাজেট বরাদ্দ হবে এবং কাজ শুরু হবে। মানুষ উপলব্ধি করতে পারবে বিজেপি সরকার রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য কতটা আন্তরিক।
তিনি আরও বলেন, নবাবের শহরে খেলাধুলোর পরিবেশ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। লালবাগ হাসপাতালের উলটো দিকে প্রচুর পরিমাণে এনিমি প্রোপার্টি জবরদখল হয়ে আছে। এনিমি প্রোপার্টি থেকে জবরদখল সরিয়ে ওই জায়গায় আধুনিক মানের ইনডোর স্টেডিয়াম গড়ে তোলা হবে। লালবাগ শহর সহ পাশের এলাকার ছেলেমেয়েরা খেলাধুলোর সুযোগ পাবে। এরপরেই মন্ত্রী তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন, রাজ্যের মানুষকে ভাঁওতা দিতে গত ১৫ বছরে শুধু শিলান্যাস হয়েছে। কিন্তু, কাজ হয়নি। আসলে ভোট বৈতরণী পার হতেই মিথ্যাচার হয়েছে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় রয়েছে। গত ১৫ বছরে তৃণমূল সরকার তার পরিকাঠামো গড়ে তুলতে পারেনি। এরই মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয়ের কথা ঘোষণা করে বসেন। ওটা আসলে এই জেলার মানুষকে বোকা বানিয়ে ভোট নেওয়ার কৌশল ছিল। কিন্তু, মানুষ তা ব্যর্থ করেছে। প্রসঙ্গত, মন্ত্রিত্ব পাওয়ার পর গৌরীশংকরবাবু জেলার পর্যটনকে ঢেলে সাজানো, ভাগীরথীর উপর আমানিগঞ্জ-খোসবাগ ব্রিজ, জিয়াগঞ্জে শিল্ক হাব, লন্ডন মিশন হাসপাতাল চালু সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন। জেলা কংগ্রেস নেতা অর্ণব রায় বলেন, মন্ত্রী অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু, এখনো কোনো কাজ শুরু হতে দেখছি না। সিপিএমের লালবাগ এরিয়া কমিটির সম্পাদক মনু শেখ বলেন, শুধু মুখে বললে হবে না, কাজ করতে হবে।