


নয়াদিল্লি: ১২ মাসের পরিষেবার জন্য দিতে হচ্ছে ১৩ মাসের টাকা। প্রিপেড মোবাইল রিচার্জের নামে ‘কেলেঙ্কারি’ চলছে দেশে। সংসদে এই অভিযোগে সরব আম আদমি পার্টির (আপ) এমপি রাঘব চাড্ডা। তাঁর তোপ, রিজার্জের চলতি ব্যবস্থায় গ্রাহকের উপর অন্যায্য আর্থিক বোঝা চাপানো হচ্ছে। টেলিকম সংস্থাগুলির ২৮ দিন মেয়াদের রিচার্জ এবং ভ্যালিডিটি শেষ হওয়ার পর তড়িঘড়ি পরিষেবায় লাগাম টানার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন আপের এই তরুণ তুর্কি নেতা। প্রিপেড রিচার্জের বর্তমান ব্যবস্থা নিয়ে সংসদে সরব হওয়ার পর বুধবার সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি তুলে ধরেছেন চাড্ডা। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘প্রিপেড রিচার্জের নামে গ্রাহকদের লুট করা হচ্ছে। আজ সংসদে এই বিষয়টি উত্থাপন করেছি। আপনার ফোনের রিচার্জ শেষ হয়ে গেলে আউটগোয়িং কল ব্লক হবে, সেটা অযৌক্তিক নয়। কিন্তু ইনকামিং কল বন্ধ করে দেওয়াটা গ্রহণযোগ্য নয়। রিচার্জ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। ওটিপির মতো অত্যাবশ্যকীয় মেসেজ পর্যন্ত আপনার ফোনে ঢুকবে না। জরুরি পরিস্থিতিতে সেই ব্যক্তি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন।’ আপের এই সাংসদ একইভাবে সরব হয়েছেন ২৮ দিনের রিচার্জ সার্কেলের বিরুদ্ধেও। তাঁর বক্তব্য, ‘২৮ দিনের রিচার্জ প্ল্যান আসলে কেলেঙ্কারি। বছরে ১২ মাস। কিন্তু আপনাকে ১৩ বার রিচার্জ করতে হবে (২৮ দিন x ১৩ বার= ৩৬৪ দিন)।’ চাড্ডার দাবি, রিচার্জের ভ্যালিডিটি মাসের দিন সংখ্যা অনুযায়ী ৩০ বা ৩১ দিনের হওয়া উচিত। কিন্তু বর্তমানে ২৮ দিনের যে ভ্যালিডিটি ব্যবস্থা চালু রয়েছে তাতে বছরের নিরিখে বাড়তি আর্থিক বোঝা বইতে হচ্ছে সাধারণ মানুষকে। মোবাইল ফোন আজ আর বিলাসিতা নয়, বরং সাধারণ নাগরিকদের প্রয়োজনীয়তায় পরিণত হয়েছে। টেলিকম সংস্থাগুলির উচিত গ্রাহকদের প্রতি যুক্তিসঙ্গত ও স্বচ্ছ মানসিকতা নিয়ে চলা।